
সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পেশাগত দায়িত্ব পালনকালে ইন্টার্ন চিকিৎসকদের হামলার শিকার হয়েছেন দুই সংবাদকর্মী। বুধবার (২৮ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে হাসপাতালের পঞ্চম তলায় এই ঘটনা ঘটে।
আহত গণমাধ্যমকর্মীরা হলেন— দৈনিক শ্যামল সিলেটের ফটোসাংবাদিক রেজা রুবেল এবং অনলাইন পোর্টাল সিলেটভিউ২৪-এর মাল্টিমিডিয়া রিপোর্টার নিবেন্দু তালুকদার।
জানা যায়, রাতে হাসপাতালে চিকিৎসাধীন এক রোগীর স্বজনদের সাথে ইন্টার্ন চিকিৎসকদের হাতাহাতি ও সংঘর্ষের ঘটনা ঘটে। এই ঘটনার খবর পেয়ে সংবাদ সংগ্রহের জন্য সেখানে যান সাংবাদিকরা। তারা সংঘর্ষের ভিডিও ও ছবি ধারণ করতে গেলে ইন্টার্ন চিকিৎসকরা তাদের ওপর চড়াও হন। একপর্যায়ে সাংবাদিকদের লাঞ্ছিত করা হয় এবং তাদের মোবাইল ফোন ও ক্যামেরা ছিনিয়ে নেওয়ার চেষ্টা চালানো হয়। এতে দুই সাংবাদিক আহত হন।
খবর পেয়ে সিলেট কোতোয়ালি মডেল থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. মাইনুল জাকির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিবেশ শান্ত করেছে। বর্তমানে হাসপাতালের সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
এদিকে হাসপাতালে সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকদের ওপর এমন বর্বরোচিত হামলার ঘটনায় সিলেটের কর্মরত সাংবাদিকদের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে। স্থানীয় সাংবাদিক নেতৃবৃন্দ এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তুলেছেন।
সিলেট প্রতিনিধি 






















