
জামালপুরের মাদারগঞ্জে বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির অভিযোগে স্বেচ্ছাসেবক দলের এক নেতাসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। পরদিন মঙ্গলবার তাদের আদালতে হাজির করা হলে আদালত কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন বালিজুড়ী ইউনিয়নের নাদাগাড়ী এলাকার অবিনূর, সেলিম, সুমন ও সুমন ওরফে নুরু মিয়া এবং গাবেরগ্রাম এলাকার রাসেল মিয়া। রাসেল মিয়া মাদারগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক বলে জানিয়েছে পুলিশ।
পুলিশের দাবি, গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে ট্রান্সফরমার চুরিতে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত দুই মাসে মাদারগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় ২৬টির বেশি বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটেছে। এসব চুরির কারণে স্থানীয় বাসিন্দা ও কৃষকদের বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন ঘটে।
ট্রান্সফরমার চুরির ঘটনায় মাদারগঞ্জ পল্লী বিদ্যুৎ জোনাল অফিস থেকে থানায় অভিযোগ করা হলে পুলিশ তদন্ত শুরু করে। তদন্তের একপর্যায়ে একটি চক্রের সন্ধান পাওয়ার কথা জানায় পুলিশ।
মাদারগঞ্জ পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবদুল্লাহ আল মামুন বলেন, কোনো ব্যক্তির অপরাধের দায় সংগঠন নেবে না। তদন্তে অভিযোগের সত্যতা প্রমাণিত হলে সংশ্লিষ্ট নেতার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
মাদারগঞ্জ মডেল থানার ওসি স্নেহাশীষ রায় জানান, গ্রেপ্তার ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে চুরির কাজে ব্যবহৃত বেশ কিছু সরঞ্জাম উদ্ধারের তথ্য পাওয়া গেছে। চক্রটির মূলহোতাদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য সাত দিনের রিমান্ড চেয়ে তাদের আদালতে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, ট্রান্সফরমার চুরির সঙ্গে জড়িত অন্যদেরও শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।
জামালপুর প্রতিনিধি 



















