জ্বালানি তেলের দাম বাড়ার পর দেশের গণপরিবহনের ভাড়া পুনর্নির্ধারণের উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে দূরপাল্লা ও নগর এলাকার বাসের ভাড়া বাড়ানোর একটি প্রস্তাব তৈরি করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।
প্রস্তাব অনুযায়ী, দূরপাল্লার বাসে প্রতি কিলোমিটারে ২০ পয়সা এবং মহানগর ও শহর এলাকায় প্রতি কিলোমিটারে ১৮ পয়সা ভাড়া বাড়ানোর কথা বলা হয়েছে।
সোমবার বিআরটিএ কার্যালয়ে ভাড়া সমন্বয় নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা হয়। বৈঠকে বাস মালিক ও শ্রমিক প্রতিনিধিসহ পরিবহন খাতের বিভিন্ন পক্ষ অংশ নেয়।
বিআরটিএর হিসাব অনুযায়ী, মহানগর এলাকায় বাসের বর্তমান কিলোমিটারপ্রতি ভাড়া ২ টাকা ৫৩ পয়সা। প্রস্তাব কার্যকর হলে তা ২ টাকা ৭১ পয়সায় উন্নীত হতে পারে। মিনিবাসের ভাড়াও কিলোমিটারপ্রতি ২ টাকা ৪২ পয়সা থেকে বেড়ে ২ টাকা ৬০ পয়সা হওয়ার প্রস্তাব রয়েছে।
এদিকে দূরপাল্লার বাসের বর্তমান কিলোমিটারপ্রতি ভাড়া ২ টাকা ২৩ পয়সা। নতুন প্রস্তাবে তা ২ টাকা ৪৩ পয়সা করার কথা বলা হয়েছে।
সম্প্রতি সরকার ডিজেলের দাম লিটারপ্রতি ২০ টাকা বাড়িয়েছে। নতুন দামের প্রভাব পরিবহন খাতে পড়ায় বাসভাড়া সমন্বয়ের দাবি ওঠে। এর পরিপ্রেক্ষিতেই বিআরটিএ ভাড়া বৃদ্ধির প্রস্তাব দিয়েছে।
তবে প্রস্তাবটি এখনো চূড়ান্ত হয়নি। সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের অনুমোদন এবং পরবর্তী প্রক্রিয়া শেষে নতুন ভাড়া কার্যকর হতে পারে।
নিজস্ব প্রতিবেদক 

















