দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গ ও কেপটাউনে পৃথক দুটি বন্দুক হামলায় অন্তত ২৭ জন নিহত হয়েছেন। এসব ঘটনায় আরও ২৬ জন আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির পুলিশ।
শনিবার রাতে জোহানেসবার্গের পশ্চিমাঞ্চলের একটি বারে একদল অস্ত্রধারী ঢুকে গুলি চালায়। পুলিশ জানিয়েছে, হামলাকারীদের কাছে একে-৪৭ রাইফেল ও পিস্তল ছিল। এ ঘটনায় ঘটনাস্থলেই ১৭ জন নিহত এবং ১৫ জন আহত হন।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, গুলি চালানোর পর হামলাকারীরা কয়েকজনের মোবাইল ফোন ছিনিয়ে নেয়। পরে দুটি গাড়িতে করে ঘটনাস্থল ত্যাগ করে তারা। হামলার উদ্দেশ্য সম্পর্কে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
একই রাতে কেপটাউনের ল্যান্ডল এলাকায় একটি বিনোদনকেন্দ্রেও বন্দুক হামলার ঘটনা ঘটে। স্থানীয় সময় রাত পৌনে ২টার দিকে চালানো ওই হামলায় ১০ জন নিহত এবং ১১ জন আহত হন। নিহতদের মধ্যে পাঁচজন ঘটনাস্থলেই মারা যান।
পুলিশ জানিয়েছে, দুই শহরে সংঘটিত হামলার মধ্যে কোনো যোগসূত্র রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। একই সঙ্গে হামলার উদ্দেশ্য এবং জড়িতদের শনাক্ত করতে তদন্ত চলছে।
এ ঘটনায় দক্ষিণ আফ্রিকার সংশ্লিষ্ট এলাকায় নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।
আন্তর্জাতিক ডেস্ক 



















