বিদেশে থাকা বাংলাদেশি নাগরিকদের বিভিন্ন সমস্যা ও অভিযোগ দ্রুত নিষ্পত্তির উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় একটি বিশেষ অভিযোগ নিষ্পত্তি ও নিরসন সেল গঠন করেছে।
মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, অভিজ্ঞ কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত এই সেলের মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত বাংলাদেশিরা তাদের সমস্যা ও অভিযোগ সরাসরি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জানাতে পারবেন।
প্রবাসীরা ই-মেইলের মাধ্যমে অভিযোগ পাঠানোর সুযোগ পাবেন। সেলে জমা পড়া অভিযোগগুলো গুরুত্বের সঙ্গে যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে।
অভিযোগ নিষ্পত্তি প্রক্রিয়া আরও কার্যকর ও স্বচ্ছ করতে সেলে পাওয়া আবেদন ও অভিযোগগুলো নিয়মিতভাবে পর্যালোচনা করা হবে। পাশাপাশি দৈনিক ও সাপ্তাহিক ভিত্তিতে এসব অভিযোগের অগ্রগতি মন্ত্রী ও সচিবের কাছে উপস্থাপন করা হবে।
মন্ত্রণালয় মনে করছে, এ ব্যবস্থার ফলে বিদেশে থাকা বাংলাদেশিদের বিভিন্ন সমস্যা দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আনা এবং প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়ার প্রক্রিয়া সহজ হবে।
প্রবাসীদের হয়রানি কমানো, সেবার মান বাড়ানো এবং বিভিন্ন অভিযোগের দ্রুত সমাধান নিশ্চিত করতেই নতুন এই সেল গঠন করা হয়েছে।
নিজস্ব প্রতিবেদক 



















