
চলতি বছরের নভেম্বরে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন শুরুর প্রাথমিক পরিকল্পনা থেকে সরে আসছে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচন পিছিয়ে আগামী বছরের জানুয়ারি মাসে ভোট আয়োজনের পরিকল্পনা করছে কমিশন।
রোববার (২০ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ।
তিনি জানান, আগামী ১২ নভেম্বর থেকে সাত ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন আয়োজনের প্রাথমিক পরিকল্পনা ছিল। তবে নভেম্বর ও ডিসেম্বরে স্কুল-কলেজের পরীক্ষা, ভোটকেন্দ্র ব্যবস্থাপনা এবং শিক্ষকদের দায়িত্ব পালনের বিষয়টি বিবেচনায় নিয়ে ওই সময়ে নির্বাচন আয়োজন করা সম্ভব হচ্ছে না।
এ কারণে নির্বাচন আগামী বছরের জানুয়ারিতে নেওয়ার পরিকল্পনা করছে কমিশন। তবে ভোটের চূড়ান্ত তারিখ এখনো নির্ধারণ করা হয়নি।
ইসি কমিশনার বলেন, ইউপি নির্বাচনের তফসিল কবে ঘোষণা করা হবে, সে বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। একই সঙ্গে আগামী ২৩, ২৪ ও ২৫ সেপ্টেম্বর রাজনৈতিক দলসহ বিভিন্ন অংশীজনের সঙ্গে যে সংলাপ হওয়ার কথা ছিল, সেটিও বাতিল করেছে নির্বাচন কমিশন।
নির্বাচন কমিশনের পরবর্তী সিদ্ধান্তের পর ইউপি নির্বাচনের সময়সূচি ও তফসিলের বিষয়ে বিস্তারিত জানা যাবে।
নিজস্ব প্রতিবেদক 


















