
বরগুনার বেতাগীতে প্রেমের প্রস্তাবে রাজি না হওয়া এবং উত্ত্যক্তের বিষয়টি পুলিশকে জানানোর জেরে পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে মারধরের অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। গুরুতর আহত অবস্থায় ওই শিশুকে বরগুনা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
অভিযোগ অনুযায়ী, সোমবার (২১ সেপ্টেম্বর) স্কুল ছুটির পর বাড়ি ফেরার সময় সরিষামুড়ি ইউনিয়নের গাবতলী এলাকায় শিশুটির ওপর হামলা চালানো হয়। তাকে ঘুষি ও লাথি মারার অভিযোগ রয়েছে। পরে সহপাঠীদের কাছ থেকে খবর পেয়ে শিক্ষকরা ঘটনাস্থলে গিয়ে রক্তাক্ত অবস্থায় শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
পরিবারের অভিযোগ, অভিযুক্ত ফয়সাল মৃধা বেশ কিছুদিন ধরে ওই ছাত্রীকে প্রেমের প্রস্তাব দিয়ে উত্ত্যক্ত করে আসছিলেন। এর আগে শনিবার রাতে বাড়ির বাইরে যাওয়ার সময় দরজার ফাঁক দিয়ে শিশুটির শরীরে হাত দেওয়ার চেষ্টা করা হয় বলেও অভিযোগ করা হয়েছে। শিশুটির চিৎকার শুনে পরিবারের সদস্যরা এগিয়ে এলে অভিযুক্ত ব্যক্তি সেখান থেকে চলে যান।
ঘটনার পর শিশুটির মা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেন। পুলিশ ঘটনাস্থলে গেলেও পরে স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে বিষয়টি সালিশের মাধ্যমে মীমাংসা করা হয়েছিল বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
তবে এর দুই দিন পর স্কুল থেকে বাড়ি ফেরার পথে শিশুটির ওপর ফের হামলার অভিযোগ ওঠে। এতে তার কয়েকটি দাঁত ক্ষতিগ্রস্ত হয় এবং সে গুরুতর আহত হয়।
এ ঘটনায় সোমবার রাতে শিশুটির মা বাদী হয়ে বেতাগী থানায় মামলা করেন। পুলিশ অভিযুক্ত ফয়সালকে গ্রেপ্তার করতে না পারলেও তাঁর মা শিরিনকে গ্রেপ্তার করেছে। মামলার অন্যান্য আসামিদের ধরতে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ।
বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হারুন-অর-রশীদ হাওলাদার জানিয়েছেন, ঘটনায় মামলা হয়েছে এবং আসামিদের গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে।
বরগুনা প্রতিনিধি 


















