
রাজধানীর শেরেবাংলা নগরের ন্যাম ভবন থেকে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম খাতুনের (১৯) মরদেহ উদ্ধার করা হয়েছে।
রোববার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় ন্যাম ভবনের ৫ নম্বর ভবনের তৃতীয় তলার ২০৩ নম্বর ফ্ল্যাটে গলায় ফাঁস লাগানো অবস্থায় মরিয়মের মরদেহ পাওয়া যায়। বিষয়টি নিশ্চিত করেছেন তেজগাঁও বিভাগের উপকমিশনার (ডিসি) ইবনে মিজান।
ডিসি জানান, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মরদেহ ঝুলন্ত অবস্থায় ছিল। ঘটনাস্থলে সিআইডির ফরেনসিক টিম যাওয়ার কথা রয়েছে। এরপর আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
মরিয়ম খাতুনের মৃত্যুর কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। ফরেনসিক পরীক্ষা ও আইনগত প্রক্রিয়া শেষে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানা যেতে পারে।
এর আগে রোববার পল্লবী থানার একটি হত্যাচেষ্টা মামলায় হাইকোর্ট থেকে জামিন পাওয়ার পর ঢাকার আদালতে জামিননামা জমা দেন গাজী নজরুল ইসলাম। অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন মুহাম্মদ জোনাইদের আদালতে উপস্থিত হয়ে তিনি জামিননামা জমা দেন। প্রসঙ্গত, গত ২১ জুলাই গাজী নজরুল ইসলামের একটি ব্যক্তিগত মুহূর্তের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এর পরদিন জামায়াতে ইসলামী তাকে দল থেকে বহিষ্কার করে। দলটির বহিষ্কার আদেশে দলীয় তদন্তে ‘নৈতিক স্খলন’ প্রমাণিত হওয়ার কথা উল্লেখ করা হয়। তবে গাজী নজরুল ইসলাম দাবি করেন, ভিডিওতে থাকা নারী তার দ্বিতীয় স্ত্রী মরিয়ম এবং তারা ১৭ জুন বিয়ে করেছেন।মরিয়ম খাতুনের মৃত্যুর ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর তদন্ত ও ফরেনসিক পরীক্ষার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।
নিজস্ব প্রতিবেদক 


















