
নড়াইলের কালিয়া উপজেলায় মাদকসেবনে বাধা দেওয়াকে কেন্দ্র করে মানসুর মোল্যা (৪৫) নামে এক কৃষককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নূর ইসলাম নামে আরও একজন আহত হয়েছেন।
শনিবার (২৬ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে উপজেলার পেড়লী ইউনিয়নের কদমতলা গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, এলাকায় মাদকসেবন নিয়ে শুক্রবার পেড়লী ইউনিয়নের এক ইউপি সদস্যের সঙ্গে হাসিব মোল্যা (২০) নামে এক যুবকের কথা-কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। এর জের ধরে পরদিন রাতে কদমতলা বাজারের একটি দোকানে আবারও বিরোধের সৃষ্টি হয়।
ওই সময় ইউপি সদস্যের দুই চাচাতো ভাই মানসুর মোল্যা ও নূর ইসলাম আগের দিনের ঘটনার কারণ জানতে চাইলে হাসিব ক্ষিপ্ত হয়ে তাদের ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলা চালান বলে অভিযোগ করা হয়েছে।
হামলায় গুরুতর আহত হন দুজনই। পরে মানসুরকে উন্নত চিকিৎসার জন্য খুলনায় নেওয়ার পথে তার মৃত্যু হয়। আহত নূর ইসলামকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
নিহত মানসুর মোল্যা কদমতলা গ্রামের হাবি মোল্যার ছেলে। অভিযুক্ত হাসিব একই এলাকার লিপটন মোল্যার ছেলে।
কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইদ্রিস আলী জানান, খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে পূর্ববিরোধের জেরেই হামলার ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।
তিনি আরও জানান, ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিকে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য নড়াইল জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ঘটনাটি নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। তদন্ত শেষে হামলার প্রকৃত কারণ ও জড়িতদের বিষয়ে বিস্তারিত জানা যাবে।
নড়াইল প্রতিনিধি 



















