
রাজধানীর মিরপুর-১ এলাকায় একটি স্বাস্থ্যকেন্দ্রে মধ্যরাতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। প্রায় ২৫০ জন মুখোশধারী ব্যক্তি হামলা চালিয়ে কেন্দ্রটির দুই নিরাপত্তাকর্মীকে জিম্মি করেন বলে কর্তৃপক্ষের অভিযোগ।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দিবাগত রাত ১২টার দিকে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে এ ঘটনা ঘটে।
কেন্দ্রটির নির্বাহী পরিচালক ডা. নাসরিন আখতার জানান, মুখোশধারীরা প্রথমে নিরাপত্তাকর্মীদের জিম্মি করে প্রতিষ্ঠানের ভেতরে প্রবেশ করেন। এরপর বিভিন্ন মালামাল লুটের পাশাপাশি ব্যাপক ভাঙচুর চালানো হয়।
কর্তৃপক্ষের দাবি, হামলাকারীরা কেন্দ্র থেকে প্রায় ১১ লাখ ৪০ হাজার টাকা নগদ এবং আনুমানিক ৪৫ লাখ টাকা মূল্যের একটি আলট্রাসনোগ্রাম মেশিন নিয়ে গেছে। এছাড়া জেনারেটর, ফ্রিজ, এসি, সিসিটিভি ক্যামেরা, কম্পিউটার, ল্যাপটপ, প্রিন্টার, ল্যাবরেটরির সরঞ্জামসহ বিভিন্ন সামগ্রী লুট করা হয়েছে।
পরে ভারী যন্ত্রপাতি ব্যবহার করে কেন্দ্রের একটি পাকা ও তিনটি সেমিপাকা ভবন ভেঙে ফেলা হয় বলেও অভিযোগ করেছে কর্তৃপক্ষ। সেখানে অন্য একটি সংগঠনের সাইনবোর্ডও টাঙিয়ে দেওয়া হয়েছে।
কেন্দ্রটির কর্তৃপক্ষের হিসাবে হামলা, লুটপাট ও ভাঙচুরে মোট ক্ষতির পরিমাণ প্রায় দেড় কোটি টাকা।
প্রায় পাঁচ দশক ধরে মিরপুরের দরিদ্র মানুষের জন্য বিনামূল্যে প্রাথমিক চিকিৎসা, প্রসূতি সেবা, পরিবার পরিকল্পনা ও শিশুদের টিকাদান কার্যক্রম পরিচালনা করে আসছিল প্রতিষ্ঠানটি। ঘটনার পর এসব স্বাস্থ্যসেবা কার্যক্রম বন্ধ রয়েছে।
এ ঘটনায় রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারের নির্বাহী পরিচালক শাহ আলী থানায় মামলা করেছেন। পুলিশ জানিয়েছে, মামলায় একজনের নাম উল্লেখ করা হয়েছে এবং অজ্ঞাতপরিচয় ২০০ থেকে ২৫০ জনকে আসামি করা হয়েছে।
শাহ আলী থানার ওসি জাহাঙ্গীর আলম জানান, অনধিকার প্রবেশ, চুরি, হুমকি ও ব্যাপক ক্ষয়ক্ষতির অভিযোগে মামলাটি করা হয়েছে। ঘটনাটি তদন্ত করে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।
কেন্দ্রটির কর্তৃপক্ষ হামলার সঙ্গে জমি দখলের চেষ্টার সম্পর্ক থাকতে পারে বলে অভিযোগ করেছে। তবে এ বিষয়ে তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা নিশ্চিত হওয়ার অপেক্ষা রয়েছে।
রাজধানী প্রতিনিধি 



















