রাজধানীর শাহআলী এলাকায় রাস্তার পাশে পড়ে থাকা একটি কালো পলিথিনের ব্যাগ থেকে জীবিত এক নবজাতক কন্যাশিশুকে উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় শাহআলী থানার ব্লক ডি এলাকার ৮ নম্বর সড়কের পাশের একটি খালি জায়গায় শিশুটিকে পড়ে থাকতে দেখা যায়। এ সময় শিশুটির কান্না শুনে স্থানীয় এক ব্যক্তি বিষয়টি বুঝতে পারেন। পরে তিনি জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে পুলিশকে খবর দেন।
খবর পেয়ে শাহআলী থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পলিথিনের ব্যাগের ভেতর থেকে শিশুটিকে উদ্ধার করে। পুলিশ জানিয়েছে, শিশুটির বয়স আনুমানিক চার থেকে পাঁচ দিন।
উদ্ধারের পর নবজাতককে চিকিৎসার জন্য প্রথমে শিশু হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তার শারীরিক অবস্থা সংকটাপন্ন হওয়ায় উন্নত চিকিৎসার জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। পরে তাকে ওই হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর গণমাধ্যম ও জনসংযোগ কর্মকর্তা পুলিশ পরিদর্শক আনোয়ার সাত্তার জানান, জরুরি নম্বরে কল পাওয়ার পর সংশ্লিষ্ট থানার সঙ্গে সমন্বয় করে দ্রুত পুলিশ পাঠানো হয়। পরে শাহআলী থানা পুলিশের সদস্যরা শিশুটিকে জীবিত অবস্থায় উদ্ধার করেন।
এদিকে নবজাতকটিকে কারা এবং কী কারণে সেখানে ফেলে গেছে, তা এখনো জানা যায়নি। বিষয়টি তদন্ত করে দেখছে পুলিশ।
নিজস্ব প্রতিবেদক 


















