
সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার সিলাম ইউনিয়নে ছুরিকাঘাতে রাসেল আহমদ শাহ (২৩) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছেন।
শুক্রবার (২ অক্টোবর) জুমার নামাজের পর চকেরবাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রাসেল ওই এলাকার শারুক মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রের বরাত দিয়ে জানা গেছে, সিলামের হযরত শাহ তৈয়ব ছৈলানি (রহ.) মাজার ও মসজিদ এবং সংশ্লিষ্ট ওয়াকফ এস্টেট পরিচালনাকে কেন্দ্র করে এলাকার দুটি পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ রয়েছে। এর আগেও এ বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছিল।
স্থানীয়দের দাবি, সাম্প্রতিক বিরোধের জের ধরে রাসেলকে চকেরবাজার এলাকায় পেয়ে কয়েকজন যুবক ছুরিকাঘাত করেন। গুরুতর আহত অবস্থায় তাকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
রাসেলের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর এলাকায় উত্তেজনা দেখা দেয়। পরে দুই পক্ষ ইটপাটকেল নিক্ষেপের পাশাপাশি দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে দক্ষিণ সুরমা ও মোগলাবাজার থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সংঘর্ষে আহতদের উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ এরশাদুল হক ভূইয়া ঘটনাস্থলে পুলিশ থাকার কথা জানিয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে ঘটনার বিস্তারিত জানাতে পারেননি।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ওয়াকফ এস্টেট পরিচালনা নিয়ে দুই পক্ষের মধ্যে বেশ কিছুদিন ধরেই বিরোধ চলে আসছিল। গত জুলাইয়ে ওয়াকফ প্রশাসন থেকে একটি নতুন পরিচালনা কমিটি অনুমোদনের পর বিরোধ আরও জোরালো হয় বলে স্থানীয় সূত্রের দাবি।
এদিকে, ওই কমিটির বৈধতা নিয়ে হাইকোর্টে রিটও করা হয়েছিল। আদালতের পরবর্তী নির্দেশনার পরও এলাকায় দুই পক্ষের মধ্যে উত্তেজনা অব্যাহত ছিল বলে জানা গেছে।
ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
সিলেট প্রতিনিধি 
























