
সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালনা পর্ষদের নির্বাচন বাতিল করা হয়েছে। একই সঙ্গে সংগঠনটির নতুন প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন সাবেক পরিচালক এজাজ আহমদ চৌধুরী।
রোববার সিলেট চেম্বার কর্তৃপক্ষের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাণিজ্য মন্ত্রণালয়ের ২৪ সেপ্টেম্বরের পৃথক দুটি আদেশের পরিপ্রেক্ষিতে আগামী ৫ নভেম্বর অনুষ্ঠেয় পরিচালনা পর্ষদের নির্বাচন বাতিল করা হয়েছে। একই আদেশে এজাজ আহমদ চৌধুরীকে প্রশাসক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
এর আগে সিলেট চেম্বারের প্রশাসকের দায়িত্বে ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পিংকি সাহা।
নতুন প্রশাসক সদস্য অন্তর্ভুক্তি ও তথ্য হালনাগাদ করার পর নতুন করে ভোটার তালিকা প্রস্তুত করবেন। এরপর নতুন নির্বাচনী তফসিল ঘোষণা করে অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের উদ্যোগ নেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
সিলেট চেম্বারের নির্বাচন নিয়ে এর আগেও দুই দফা তফসিল ঘোষণা করা হয়েছিল। তবে উভয়বারই শেষ পর্যন্ত নির্বাচন অনুষ্ঠিত হয়নি।
নতুন প্রশাসক দায়িত্ব নেওয়ার পর এবার নতুন ভোটার তালিকা ও নির্বাচনী তফসিলের মাধ্যমে নির্বাচন আয়োজনের প্রক্রিয়া শুরু হবে।
সিলেট প্রতিনিধি 



















