
চাঁদপুরের শাহরাস্তিতে যাত্রীবাহী বাস ও বালুবাহী ড্রাম ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় বাসের বেশ কয়েকজন যাত্রী গুরুতর আহত হয়েছেন।
মঙ্গলবার (১১ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের শাহরাস্তি উপজেলার বানিয়াচৌ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
শাহরাস্তি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান জানান, ঢাকা থেকে যাত্রী নিয়ে আল-আরাফা পরিবহনের একটি বাস হাজীগঞ্জের দিকে যাচ্ছিল। পথে বিপরীত দিক থেকে আসা বালুবাহী একটি ড্রাম ট্রাকের সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়।
সংঘর্ষে বাসটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই বাসের তিন যাত্রী নিহত হন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও এক যাত্রীর মৃত্যু হয় বলে জানান চাঁদপুরের পুলিশ সুপার মিজানুর রহমান।
দুর্ঘটনার পর স্থানীয়দের সহযোগিতায় ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে। আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
আহত কয়েকজন যাত্রী জানান, দুটি যানবাহনের বেপরোয়া গতির কারণে দুর্ঘটনাটি ঘটেছে।
নিহত চারজনের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন নীলফামারীর শহীদ উল্লাহ, তাঁর স্ত্রী আঞ্জুমআরা বেগম এবং রংপুরের নিলয়।
দুর্ঘটনার পর পুলিশ বাস ও ড্রাম ট্রাকটি জব্দ করেছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলছে।
চাঁদপুর প্রতিনিধি 
























