
লক্ষ্মীপুর পৌরশহরের চারটি জুয়েলারি দোকান থেকে গ্রাহককে দেখানোর কথা বলে প্রায় ২২ ভরি স্বর্ণালংকার নিয়ে রণজিত পাল নামে এক ব্যবসায়ী সপরিবারে আত্মগোপনে গেছেন।
সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেলে নিজের ব্যবসাপ্রতিষ্ঠান ‘পাল শিল্পালয়’ খোলা রেখেই তিনি উধাও হন।
রণজিত পাল লক্ষ্মীপুর পৌর বাজারের স্বর্ণকার পট্টির ‘পাল শিল্পালয়’এর স্বত্বাধিকারী। তিনি শরীয়তপুর জেলার বাসিন্দা। প্রায় ৩০ বছর ধরে লক্ষ্মীপুরে ব্যবসা করে আসছিলেন। শহরের শাঁখারীপাড়া এলাকায় ভাড়া বাসায় পরিবার নিয়ে থাকতেন তিনি।স্থানীয় ব্যবসায়ীরা জানান, স্বর্ণকার পট্টিতে এক ব্যবসায়ী অন্য ব্যবসায়ীর কাছ থেকে গহনা এনে গ্রাহকদের দেখানো ও বিক্রির প্রচলন রয়েছে। দীর্ঘদিনের পরিচিতি ও ব্যবসায়িক সম্পর্কের কারণে সোমবার সকাল থেকে দুপুরের মধ্যে রণজিত পাল চারটি দোকান থেকে গ্রাহককে দেখানোর কথা বলে প্রায় ২২ ভরি স্বর্ণালংকার নেন।
কিন্তু পরে গহনাগুলো ফেরত না দিয়ে তিনি আত্মগোপনে চলে যান। বিকেলে তার দোকান খোলা থাকলেও তাকে কোথাও পাওয়া যায়নি। পরে শাঁখারীপাড়ার ভাড়া বাসায় গিয়ে পরিবারের কাউকেও পাওয়া যায়নি।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা হলেন, তমা শিল্পালয়ের পলাশ কুরী, বণিক শিল্পালয়ের সাগর বণিক, পুনম শিল্পালয়ের ঝুটন কুরী এবং শিবানী শিল্পালয়ের অসীম কর। এ ঘটনায় তারা জেলা পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ করেছেন।
বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) লক্ষ্মীপুর জেলা শাখার সভাপতি সমীর কর্মকার বলেন, দীর্ঘদিনের পরিচিত একজন ব্যবসায়ী এভাবে অন্য চার ব্যবসায়ীর মূল্যবান স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যাওয়ায় আমরা গভীরভাবে উদ্বিগ্ন। তার বাসায় গিয়েও কাউকে পাওয়া যায়নি। আমরা বিষয়টি নিয়ে আইনি পদক্ষেপ নিয়েছি।
অভিযুক্ত রণজিত পালের বক্তব্য জানতে তার মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও কোনো সাড়া পাওয়া যায়নি।
লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ওয়াহিদ পারভেজ বলেন, ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা ঘটনাটি পুলিশকে জানিয়েছেন। পুলিশ সুপারের কাছেও তারা অভিযোগ দিয়েছেন। অভিযুক্ত কোথায় আছেন, তা খুঁজে বের করতে ব্যবসায়ীদের বলা হয়েছে। পুলিশের পক্ষ থেকেও প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।
লক্ষ্মীপুর প্রতিনিধি 


















