মুন্সীগঞ্জের শ্রীনগরে সরকারি খাল ভরাটে বাধা দেওয়াকে কেন্দ্র করে ভূমি কার্যালয়ের দুই কর্মচারীকে মারধর ও হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় উপজেলা যুবদলের দুই নেতার বিরুদ্ধে থানায় মামলা হয়েছে।
অভিযুক্তরা হলেন শ্রীনগর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক নুরুল ইসলাম পার্থ ও সদস্য অনিক ইসলাম অভি।
মামলার এজাহারে বলা হয়েছে, গত ২১ সেপ্টেম্বর উপজেলার রাঢ়ীখাল ইউনিয়নের দামলা এলাকায় সরকারি খালের জায়গা ড্রেজার দিয়ে ভরাটের কাজ চলছিল। বিষয়টি জানতে পেরে সহকারী কমিশনার (ভূমি)-এর নির্দেশে ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা আরিফ হোসেন খান ও ভূমি অফিসের পিয়ন সুজন ঘটনাস্থলে যান।
সেখানে গিয়ে তারা সরকারি জায়গা ভরাট বন্ধ করতে বলেন। এ সময় অভিযুক্তরা তাদের কাজে বাধা দেন এবং একপর্যায়ে ওই দুই ভূমি কর্মচারীকে মারধর করা হয় বলে অভিযোগ করা হয়েছে। একই ঘটনায় অটোরিকশাচালক সোহেলকেও মারধর করা হয়েছে বলে এজাহারে উল্লেখ করা হয়।
অভিযোগে আরও বলা হয়েছে, খাল ভরাটের কাজে বাধা দিলে ভূমি কার্যালয়ে গিয়ে তাদের ক্ষতি করার হুমকি দেওয়া হয়।
ঘটনার খবর পেয়ে শ্রীনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আফরোজা হক তানিয়া পুলিশ সদস্যদের নিয়ে ঘটনাস্থলে যান। পরে সেখানে থাকা ড্রেজারটি নষ্ট করে দেওয়া হয়।
এ ঘটনায় বুধবার (২৩ সেপ্টেম্বর) শ্রীনগর থানায় একটি নিয়মিত মামলা করা হয়েছে।
অভিযুক্তদের বক্তব্য জানতে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের মুঠোফোন বন্ধ পাওয়া যায়।
শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিঞা জানান, ঘটনায় মামলা হয়েছে এবং বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মুন্সীগঞ্জ প্রতিনিধি 


















