
পটুয়াখালীর আলীপুর মৎস্যবন্দর থেকে মাছ ধরতে গিয়ে গভীর বঙ্গোপসাগরে একটি মাছ ধরার ট্রলার ডুবে গেছে। ট্রলারটিতে থাকা ১৫ জেলেকে কাছাকাছি থাকা অন্য একটি ট্রলারের সহায়তায় জীবিত উদ্ধার করা হয়েছে।
রোববার সকালে আলীপুর বন্দর থেকে প্রায় ৪৫ কিলোমিটার দূরে সাগরে এ দুর্ঘটনা ঘটে। ডুবে যাওয়া ট্রলারটির নাম এমবি মায়ের দোয়া-৬।
ট্রলারের মাঝি মূসার ভাষ্য অনুযায়ী, মাছ ধরার উদ্দেশ্যে সাগরে যাওয়ার কিছুক্ষণ পর উত্তাল ঢেউয়ের আঘাতে ট্রলারের নিচের কাঠামো ক্ষতিগ্রস্ত হয়। একপর্যায়ে ভেতরে পানি ঢুকে ট্রলারটি ডুবতে শুরু করে।
পরিস্থিতি বুঝতে পেরে জেলেরা সাগরে ভেসে থাকেন। এ সময় কাছাকাছি থাকা একটি মাছ ধরার ট্রলার তাদের দেখতে পেয়ে এগিয়ে আসে এবং ১৫ জেলেকেই নিরাপদে উদ্ধার করে।
ট্রলারটির মালিক মিজানুর রহমান জানান, দুর্ঘটনার খবর পাওয়ার পর জেলেদের উদ্ধারের বিষয়টি তিনি জানতে পারেন। বর্তমানে ডুবে যাওয়া ট্রলারটি উদ্ধারের চেষ্টা চলছে।
কুয়াকাটা নৌ-পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুজ্জামান জানান, দুর্ঘটনায় ট্রলারে থাকা ১৫ জেলেকে জীবিত উদ্ধার করা হয়েছে। তবে ডুবে যাওয়া ট্রলারটির অবস্থান এখনো শনাক্ত করা যায়নি। সেটি উদ্ধারে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা হচ্ছে।
উদ্ধার হওয়া জেলেরা বর্তমানে নিরাপদে রয়েছেন বলে জানা গেছে।
কুয়াকাটা প্রতিনিধি 



















