আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করতে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে সিলেট জেলা প্রশাসন। পূজামণ্ডপে আতশবাজি নিষিদ্ধ করার পাশাপাশি গুজব বা বিভ্রান্তিকর তথ্য ছড়ালে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার সতর্কবার্তা দেওয়া হয়েছে।
বুধবার (৭ অক্টোবর) সিলেটে দুর্গাপূজা উপলক্ষে আয়োজিত প্রস্তুতিমূলক সভায় জেলা প্রশাসক আবদুল্লাহ আল মামুন এসব নির্দেশনা দেন।
জেলা প্রশাসক বলেন, প্রতিটি পূজামণ্ডপে সার্বক্ষণিক বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে হবে। পাশাপাশি পর্যাপ্ত আলোর ব্যবস্থা, সিসিটিভি ক্যামেরা এবং প্রয়োজন হলে বিকল্প বিদ্যুৎ সরবরাহের জন্য জেনারেটর প্রস্তুত রাখতে হবে।
তিনি আরও বলেন, পূজামণ্ডপে পূজা উদযাপন কমিটির সদস্যদের পাশাপাশি আনসার, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্বেচ্ছাসেবকদের দায়িত্ব স্পষ্টভাবে ভাগ করে দিতে হবে। দর্শনার্থী ও স্থানীয় বাসিন্দাদের জন্য সমস্যা বা উদ্বেগ তৈরি করতে পারে—এমন কোনো কার্যক্রম করা যাবে না। এ কারণে পূজামণ্ডপে আতশবাজি ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।
গুজব ছড়ালে ব্যবস্থা
পূজাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব বা বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর বিষয়ে সতর্ক করেন জেলা প্রশাসক।
তিনি বলেন, কোনো তথ্য বা ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশের আগে তার সত্যতা যাচাই করতে হবে। সন্দেহজনক কোনো তথ্য পাওয়া গেলে তা নিজের উদ্যোগে ছড়িয়ে না দিয়ে দ্রুত প্রশাসন বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানাতে হবে।
গুজবের ঘটনায় কেউ যেন নিজের হাতে আইন তুলে না নেন—এ বিষয়েও সতর্ক করা হয়েছে। পরিস্থিতি অনুযায়ী প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আইনগত ব্যবস্থা নেবে।
মণ্ডপে থাকবে সিসিটিভি ও ডিউটি রেজিস্টার
প্রতিটি পূজামণ্ডপে সিসিটিভি ক্যামেরা স্থাপনের নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি দায়িত্বে থাকা ব্যক্তিদের তথ্য সংরক্ষণের জন্য ডিউটি রেজিস্টার যথাযথভাবে সংরক্ষণ করতে বলা হয়েছে।
জেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলার পূজা ও নিরাপত্তা পরিস্থিতি সমন্বয়ের জন্য হোয়াটসঅ্যাপ গ্রুপ চালুর পরিকল্পনার কথাও জানানো হয়েছে। বিভিন্ন সরকারি সংস্থা ও সংশ্লিষ্টদের সমন্বয়ে মনিটরিং টিম গঠনের উদ্যোগ নেওয়া হবে।
প্রয়োজনে উপজেলা পর্যায়ে বিশিষ্ট নাগরিকদের নিয়ে ভিজিল্যান্স টিম গঠনের বিষয়টিও বিবেচনা করা হবে।
জেলা প্রশাসক পূজা উদযাপন কমিটি, প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্বেচ্ছাসেবকদের সমন্বিতভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান।
সিলেট প্রতিনিধি 


















