
অভিনয়ের গণ্ডি পেরিয়ে এবার সংগীতাঙ্গনে পা রাখলেন পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমির। বুধবার তিনি প্রকাশ করেছেন তার প্রথম একক গান পাবলো। খবর জিও নিউজ’র।
গানটির কথা ও সুর নিজেই করেছেন হানিয়া। পাঞ্জাবি র্যাপধর্মী এই গানটিতে জনসমালোচনা ও মানুষের নানা মন্তব্যকে তুলে ধরা হয়েছে। এর মধ্য দিয়ে পাকিস্তানের অন্যতম জনপ্রিয় এই অভিনেত্রীর সৃজনশীল ক্যারিয়ারে যুক্ত হলো নতুন এক অধ্যায়।
নিজের অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে গানটি শেয়ার করেছেন হানিয়া। গানটিতে তাকে ‘ভুয়া’ বলে মন্তব্য করা মানুষদের কথা উঠে এসেছে। পাশাপাশি, তার অসংখ্য ভক্ত রয়েছে, যারা সর্বত্র তাকে অনুসরণ করেন, এমন কথাও বলা হয়েছে।
গানটির শেষাংশে ভারতের একটি রিয়েলিটি শোর ভিডিও ক্লিপ যুক্ত করেছেন হানিয়া। সেখানে ভারতীয় টিভি তারকা রাখি সাওয়ান্ত হানিয়ার উদ্দেশে বিশেষ বার্তা দেন।
রাখি সাওয়ান্ত বলেন, হানিয়া, আমার ভালোবাসা, টেনশন করো না। বুঝেছ?
তিনি আরও বলেন, কোনো টেনশন নিও না। তুমি স্বর্গের কন্যা; তোমার মুখে ঐশ্বরিক আলো রয়েছে। তারা তোমার সৌন্দর্যে ঈর্ষান্বিত।
রাখি হানিয়াকে ‘সিংহী’ আখ্যা দিয়ে শত্রুদের সাহসের সঙ্গে মোকাবিলা করার পরামর্শও দেন।
হানিয়ার সঙ্গে বলিউড অভিনেত্রীর এই উপস্থিতিকে সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই ‘অপ্রত্যাশিত সহযোগিতা’ হিসেবে বর্ণনা করেছেন।
গানটিতে নিজের সমালোচকদেরও আত্মবিশ্বাসের সঙ্গে জবাব দিয়েছেন হানিয়া। তিনি তাদের বিরক্ত না হতে বলেছেন এবং জানিয়েছেন, তাদের নেতিবাচক মন্তব্য তাকে কোনোভাবেই প্রভাবিত করে না।
বিনোদন ডেস্ক 


















