যশোরের শার্শায় বিপুল পরিমাণ সোনার বারসহ এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তার কাছ থেকে প্রায় ৩ কেজি ৪৩৮ গ্রাম ওজনের ২৬টি সোনার বার উদ্ধার করা হয়েছে।
আটক ব্যক্তির নাম রিপন হোসেন (৪১)। তিনি শার্শা উপজেলার বসতপুর গ্রামের বাসিন্দা।
বিজিবি সূত্র জানায়, মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে বাগআঁচড়া বাজারের বাবু সুপার মার্কেটে অভিযান চালানো হয়। এ সময় রিপন হোসেনকে আটক করা হয়।
পরে তাকে জিজ্ঞাসাবাদ করে পাওয়া তথ্যের ভিত্তিতে তার কাছ থেকে লুকিয়ে রাখা সোনার বারগুলো উদ্ধার করা হয়। উদ্ধার করা সোনার বার স্থানীয় একজন জুয়েলারির মাধ্যমে পরীক্ষা করানো হলে সেগুলো ২৪ ক্যারেটের খাঁটি সোনা বলে নিশ্চিত হওয়া যায়।
উদ্ধার করা সোনার মোট ওজন প্রায় ৩ কেজি ৪৩৮ গ্রাম। বিজিবির হিসাব অনুযায়ী, এসব সোনার আনুমানিক বাজারমূল্য ৭ কোটি ৬৭ লাখ ৫৫ হাজার ৬৯০ টাকা।
বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে মামলা করা হয়েছে। পরে তাকে শার্শা থানায় হস্তান্তর করা হয়।
ঘটনাটি নিয়ে পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
যশোর প্রতিনিধি 



















