
ময়মনসিংহের ভালুকায় এক হিন্দু নারী শ্রমিককে (২৩) জোরপূর্বক তুলে নিয়ে মুখ বেঁধে দলবদ্ধ ধর্ষণের ঘটনায় আল আমিন (৩৬) ও হুসেন (২২) নামে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (৬ অক্টোবর) তাদের গ্রেপ্তারের পর আদালতে সোপর্দ করা হয়। এর আগে ভুক্তভোগী নারী বাদী হয়ে তিনজনকে আসামি করে ভালুকা মডেল থানায় মামলা করেন।
গ্রেপ্তার আল আমিন ও হুসেন উপজেলার মল্লিকবাড়ী ইউপির নয়নপুর এলাকার বাসিন্দা।
একই এলাকার অপর আসামি ইকবাল হোসেনকে গ্রেপ্তার করতে পুলিশ তৎপরতা চালাচ্ছে বলে জানিয়েছেন মামলার তদন্ত কর্মকর্তা ও ভালুকা মডেল থানার পরিদর্শক (তদন্ত) মুহিদুল আলম।জানা গেছে, ভুক্তভোগী ওই নারী উপজেলার কাঠালী এলাকার স্কয়ার টেক্সকম ফ্যাক্টরিতে চাকরি করেন। গত ৪ অক্টোবর রাতে ফ্যাক্টরি ছুটি হওয়ার পর আনুমানিক রাত ১০টার দিকে মল্লিকবাড়ী মোড় থেকে অটোরিকশাযোগে নয়নপুর এলাকায় তার এক বান্ধবীর বাড়ির উদ্দেশ্যে রওনা হন। নয়নপুর ৯ নম্বর এলাকায় পৌঁছালে পায়ে হেঁটে বান্ধবীর বাড়ির দিকে যাওয়ার সময় রাস্তা থেকে আসামিরা তাকে জোরপূর্বক ১নং আসামি আল আমিনের বসতঘরে নিয়ে মুখ কাপড় দিয়ে বেঁধে পালাক্রমে তাকে ধর্ষণ করা হয়। পরে ঘটনাটি কাউকে না বলার জন্য বিভিন্ন ধরনের হুমকি দিয়ে রাত ৪টা ৪৫ মিনিটের দিকে তাকে ছেড়ে দেওয়া হয়। পরবর্তীতে ভুক্তভোগী নারী ভালুকা মডেল থানায় তিনজনকে আসামি করে মামলা করলে পুলিশ অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তার করে।
ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম বলেন, মামলার প্রধান আসামিসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি একজন পলাতক আছেন, পলাতক আসামিকে দ্রুত আইনের আওতায় আনতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।
ময়মনসিংহ প্রতিনিধি 



















