
ঢাকার দোহার উপজেলার রাধানগর গ্রামে মা-বাবাকে হারানো পাঁচ এতিম মেয়ের পরিবারের পাশে দাঁড়িয়েছে ‘আমরা বিএনপি পরিবার’-এর একটি প্রতিনিধি দল। পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করে তাদের খোঁজখবর নেওয়ার পাশাপাশি আর্থিক সহায়তা ও উপহারসামগ্রী দেওয়া হয়েছে।
শুক্রবার (২ অক্টোবর) সংগঠনটির সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুনের নেতৃত্বে প্রতিনিধি দলটি বিলাশপুর ইউনিয়নের রাধানগর গ্রামে প্রয়াত কৃষক আবুল কালাম আজাদ ও তার স্ত্রী ফরিদা বেগমের বাড়িতে যায়।
প্রতিনিধি দলের সদস্যরা পরিবারের স্বজনদের সঙ্গে কথা বলেন এবং পাঁচ মেয়ের খোঁজ নেন। এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে পরিবারের জন্য সহায়তা পৌঁছে দেওয়া হয় বলে জানানো হয়েছে।
সংগঠনটির সদস্য সচিব মোকছেদুল মোমিন মিথুন বলেন, গণমাধ্যমে পরিবারটির দুরবস্থার খবর প্রকাশের পর বিষয়টি প্রধানমন্ত্রীর নজরে আসে। এরপর তার নির্দেশে পরিবারের পাশে দাঁড়াতে প্রতিনিধি দল পাঠানো হয়েছে বলে জানান তিনি।
তিনি আরও বলেন, অসহায় ও সংকটে থাকা পরিবারগুলোর পাশে দাঁড়ানোর কার্যক্রম ভবিষ্যতেও চালিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে।
উল্লেখ্য, দীর্ঘদিনের আর্থিক সংকট ও ঋণের চাপের মধ্যে ওই দম্পতির মৃত্যু হয়। প্রথমে ফরিদা বেগমের মৃত্যু হয়। এর ৩১ দিনের মধ্যে নিজ বাড়ি থেকে তার স্বামী আবুল কালাম আজাদের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। তাঁদের মৃত্যুর পর পাঁচ মেয়ে অভিভাবকহীন হয়ে পড়ে।
এ সময় সংগঠনটির সদস্য মাসুদ রানা লিটন, মুস্তাকিম বিল্লাহ, দোহার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাসুদ পারভেজসহ স্থানীয় বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
দোহার প্রতিনিধি 



















