
সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলায় এক কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় হুমায়ুন আহমেদ (৩০) নামে এক মসজিদের ইমামকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (৪ আগস্ট) সন্ধ্যায় উপজেলার বাঘবের বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। হুমায়ুন আহমেদ বিশ্বম্ভরপুর উপজেলার সলুকাবাদ ইউনিয়নের মধুরকান্দি গ্রামের বাসিন্দা এবং রতারগাঁও গ্রামের দক্ষিণপাড়া জামে মসজিদের ইমাম।
বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্বম্ভরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মিয়া।
মামলা ও পুলিশ সূত্রে জানা যায়, ইমামতি করার সুবাদে স্থানীয় একটি পরিবারের সঙ্গে অভিযুক্তের পরিচয় হয়। পরে ওই পরিবারের একাদশ শ্রেণিতে অধ্যয়নরত এক কলেজছাত্রীর সঙ্গে তার ব্যক্তিগত সম্পর্ক গড়ে ওঠে বলে মামলায় উল্লেখ করা হয়েছে।
মামলার এজাহার অনুযায়ী, গত ২৪ মে রাতে মুঠোফোনে বার্তা পাঠিয়ে ওই ছাত্রীকে মসজিদের সংলগ্ন ইমামের কক্ষে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ করা হয়েছে। এ সময় কাউকে বিষয়টি না জানানোর জন্য তাকে ধারালো অস্ত্রের ভয় দেখানো হয় বলেও অভিযোগে উল্লেখ রয়েছে।
এছাড়া, গত ১৭ জুলাই অভিযুক্ত তার থাকার ঘরে নিয়ে আবারও ধর্ষণ করেন বলে মামলায় দাবি করা হয়েছে। এ সময় স্ত্রীকে তালাক দিয়ে ওই ছাত্রীকে বিয়ে করার আশ্বাস দিলেও পরে বিয়ে করতে অস্বীকৃতি জানান এবং ভয়ভীতি প্রদর্শন করেন বলে অভিযোগে বলা হয়েছে।
পরবর্তীতে অসুস্থ হয়ে পড়লে ওই কলেজছাত্রী সুনামগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা নেন।
এ ঘটনায় গত ২৬ জুলাই ভুক্তভোগীর বাবা সুনামগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা দায়ের করেন। আদালত মামলাটি গ্রহণ করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে বিশ্বম্ভরপুর থানাকে নির্দেশ দেন। আদালতের নির্দেশনা অনুযায়ী থানায় মামলা রেকর্ড করা হয়।
ওসি শাহীন মিয়া জানান, আদালতের নির্দেশে মামলা নথিভুক্ত করে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে বুধবার (৫ আগস্ট) আদালতে সোপর্দ করা হবে।
সুনামগঞ্জ প্রতিনিধি 




















