
হবিগঞ্জের মাধবপুরে একটি ট্রাকে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ করেছে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)। জব্দ করা পণ্যের আনুমানিক মূল্য ১ কোটি ৫৫ লাখ টাকা।
রোববার (১১ জানুয়ারি) রাত ১১টার দিকে বিষয়টি নিশ্চিত করেন হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান।
বিজিবি সূত্রে জানা যায়, রোববার বিকেল ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ৫৫ বিজিবির একটি বিশেষ টহলদল মাধবপুর উপজেলার জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় অবস্থান নেয়। সীমান্ত থেকে প্রায় পাঁচ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে মহাসড়কের পাশে কৌশলগত অবস্থান নিয়ে তারা নজরদারি চালাচ্ছিল।
একপর্যায়ে পুরোনো কাগজের কার্টন বোঝাই একটি ট্রাক সেখানে পৌঁছালে বিজিবির সদস্যরা সংকেত দিয়ে সেটি থামান। পরে ট্রাকটিতে তল্লাশি চালিয়ে কার্টনের নিচে অভিনব কৌশলে লুকিয়ে রাখা বিপুল পরিমাণ ভারতীয় পণ্য উদ্ধার করা হয়।
জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের ভারতীয় কসমেটিকস, শাড়ি ও জিরা। বিজিবির হিসাব অনুযায়ী, এসব পণ্যের সিজার মূল্য প্রায় ১ কোটি ৫৫ লাখ টাকা।
জব্দ পণ্যগুলো আইনানুগ প্রক্রিয়ায় হবিগঞ্জ কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে বিজিবি।
এদিকে, চোরাচালানের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও তাদের আইনের আওতায় আনতে বিজিবির গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে।
হবিগন্জ প্রতিনিধি 
























