সিলেটের জৈন্তাপুর উপজেলায় কায়সার মাহমুদ সোহেল (২৮) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের পক্ষ থেকে তাঁকে সিলেট মহানগর ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে পরিচয় দেওয়া হলেও, স্থানীয় জামায়াতে ইসলামী ও তাঁর পরিবারের দাবি—তিনি দীর্ঘদিন ধরে জামায়াতের রাজনীতির সঙ্গে যুক্ত।
জৈন্তাপুর মডেল থানা পুলিশ সূত্রে জানা গেছে, রবিবার (১৫ নভেম্বর) ভোররাতে উপজেলার চিকনাগুল ইউনিয়নের পানিছড়া গ্রামে অভিযান চালিয়ে আনোয়ার হোসেনের ছেলে কায়সার মাহমুদ সোহেলকে গ্রেপ্তার করা হয়।
জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুর রহমান মোল্লা জানান, গত ৯ নভেম্বর হরিপুর এলাকায় পুলিশের কাছ থেকে হাতকড়াসহ আওয়ামী লীগ নেতা জাকারিয়া মাহমুদকে ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটে। ওই ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় সুনির্দিষ্ট তথ্য-প্রমাণ ও অভিযোগের ভিত্তিতে সোহেলকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
অন্যদিকে, চিকনাগুল ইউনিয়ন জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক মিজানুর রহমান এই গ্রেপ্তারের প্রতিবাদ জানিয়ে বলেন, কায়সার মাহমুদ সোহেল চিকনাগুল ইউনিয়ন জামায়াতের ২ নম্বর ওয়ার্ডের সদস্য এবং ইউনিয়ন যুব বিভাগের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি কোনোভাবেই ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত নন।
গ্রেপ্তার হওয়া সোহেলের মা কমলা আক্তার রোজি দাবি করেন, ২০২৬ সালের ১ অক্টোবর কেন্দ্রীয় ছাত্রলীগের ঘোষিত সিলেট মহানগর ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটিতে ২১ জন যুগ্ম সাধারণ সম্পাদকের নাম থাকলেও সেখানে তাঁর ছেলের নাম নেই। তিনি অভিযোগ করে বলেন, অতীতে সরকারি ‘ন্যাশনাল সার্ভিস’ কর্মসূচিতে কাজ করার সুবাদে বিভিন্ন অনুষ্ঠানে আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে সোহেলের কিছু ছবি ছিল। এলাকায় পূর্ববিরোধের জেরে একটি পক্ষ সেই ছবি এবং ভুয়া প্যাড ব্যবহার করে ‘ছাত্রলীগ ট্যাগ’ দিয়ে তাঁকে পুলিশে ধরিয়ে দিয়েছে।
সিলেট প্রতিনিধি 






















