
সিলেটে আগামীকাল সোমবার (১৬ নভেম্বর) ভোর ৬টা থেকে শুরু হতে যাওয়া অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। রোববার (১৫ নভেম্বর) সন্ধ্যায় সিলেট জেলা সড়ক পরিবহন মালিক ও শ্রমিক সমন্বয় পরিষদের পক্ষ থেকে এই সিদ্ধান্ত জানানো হয়।
জানা গেছে, তিন দফা দাবিতে গত ১৪ নভেম্বর দক্ষিণ সুরমার বাবনা পয়েন্টে এক সভা থেকে এই অনির্দিষ্টকালের কর্মবিরতির ডাক দেওয়া হয়েছিল। দাবিগুলোর মধ্যে ছিল কদমতলী টার্মিনালে দুই শ্রমিকের মৃত্যুর ঘটনায় পরিবহন নেতাদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার, সিএনজি অটোরিকশা ও লেগুনার জন্য নির্ধারিত পার্কিং ব্যবস্থা করা এবং নগরী থেকে ব্যাটারিচালিত রিকশা ও ইজিবাইক চলাচল বন্ধ করা।
তবে ধর্মঘট ঘোষণার পর থেকেই পরিবহন খাতের বিভিন্ন সংগঠন এবং মালিক-শ্রমিকদের মধ্যে এ নিয়ে মতবিরোধ দেখা দেয়। জনদুর্ভোগ ও সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে শেষ পর্যন্ত সমন্বয় পরিষদ তাদের ডাকা ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেয়। এই সিদ্ধান্তের ফলে সোমবার সকাল থেকে সিলেটে সব ধরনের যানবাহন চলাচল স্বাভাবিক থাকবে।
সিলেট প্রতিনিধি 






















