
ঝালকাঠির রাজাপুর উপজেলায় গভীর রাতে এক বসতঘরে চুরির ঘটনায় সাহসিকতার পরিচয় দিয়েছেন এক গৃহবধূ। চোরের সঙ্গে ধস্তাধস্তির সময় তিনি চোরের আঙুলে কামড় দিলে আঙুলের একটি অংশ বিচ্ছিন্ন হয়ে যায়। তবে বাইরে অপেক্ষমাণ সহযোগীদের সহায়তায় অভিযুক্ত পালিয়ে যেতে সক্ষম হলেও ঘটনাস্থলে আঙুলের বিচ্ছিন্ন অংশ রেখে যায়। পালানোর সময় চোরের দল ঘর থেকে দুটি মোবাইল ফোন নিয়ে যায়।
বুধবার (৫ আগস্ট) গভীর রাতে উপজেলার মঠবাড়ী ইউনিয়নের ডহরশংকর গ্রামের খলিফা বাড়িতে সৌদি প্রবাসী জুয়েল খলিফার বসতঘরে এ ঘটনা ঘটে।
রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
পুলিশ ও পরিবারের সদস্যদের বরাতে জানা যায়, রাতের খাবার শেষে গৃহবধূ মোছা. ঝুমুর বেগম (২৭) নিজ কক্ষে ঘুমিয়ে ছিলেন। তার ছেলে নাহিদুজ্জামান নোমান, মেয়ে নাফিসা এবং শাশুড়ি হাসিনা বেগম পাশের কক্ষে ছিলেন।
রাত আনুমানিক ২টা ৪০ মিনিটে শব্দ পেয়ে ঝুমুর বেগমের ঘুম ভেঙে যায়। তিনি ঘরের ভেতরে একজন ব্যক্তির উপস্থিতি টের পেয়ে চিৎকার শুরু করলে ওই ব্যক্তি তার মুখ চেপে ধরে। এরপর উভয়ের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়। একপর্যায়ে অভিযুক্তের একটি আঙুল তার মুখে চলে এলে তিনি সেটি শক্তভাবে কামড়ে ধরেন। এতে আঙুলের একটি অংশ বিচ্ছিন্ন হয়ে যায়।
পুলিশ জানায়, পরে অভিযুক্ত ঝুমুর বেগমকে প্রাণনাশের হুমকি দিয়ে ঘর থেকে বেরিয়ে যায়। বাইরে অপেক্ষমাণ সহযোগীদের নিয়ে দ্রুত পালিয়ে যাওয়ার সময় তারা ঘরে থাকা দুটি মোবাইল ফোন নিয়ে যায়।
গৃহবধূর চিৎকারে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন। খবর পেয়ে রাজাপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং প্রাথমিক তথ্য সংগ্রহ করে।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সম্প্রতি এলাকায় চুরি ও চুরির চেষ্টার ঘটনা বেড়ে যাওয়ায় সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। তারা এলাকায় রাতের নিরাপত্তা জোরদার এবং পুলিশের টহল বাড়ানোর দাবি জানিয়েছেন।
রাজাপুর থানার ওসি সুজন বিশ্বাস বলেন, “ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে বিষয়টি তদন্ত করে জড়িতদের শনাক্ত এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
ঝালকাঠি প্রতিনিধি 



















