প্রথম পাতা বাংলাদেশ রাজশাহীতে সাংবাদিকের বিরুদ্ধে যৌন হয়রানির মামলা
রাজশাহীতে সাংবাদিকের বিরুদ্ধে যৌন হয়রানির মামলা
রাজশাহীতে সাংবাদিকের বিরুদ্ধে যৌন হয়রানির মামলা - সংরক্ষিত ছবি।

রাজশাহীতে কর্মরত মাছরাঙ্গা টেলিভিশনের রিপোর্টার ও বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের মিডিয়া উপদেষ্টা ও জার্নালিজম কমিউনিকেশন অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের খণ্ডকালীন লেকচারার আরআইএম গোলাম রাব্বানীর বিরুদ্ধে যৌন হয়রানির মামলা হয়েছে। মামলাটি করেছেন তারই প্রতিষ্ঠান স্কাই বাংলা নেট অনলাইন পোর্টালের সাবেক নারী সহকর্মী। ৩ মার্চ নগরীর চন্দ্রিমা থানায় মামলাটি দায়ের করেন ওই নারী সাংবাদিক। তিনি অভিযোগ করেছেন, আসামি প্রভাবশালী হওয়ায় পুলিশ তাকে গ্রেপ্তার করছে না। 

মামলার এজাহারে ওই নারী সাংবাদিক উল্লেখ করেছেন, ‘গোলাম রাব্বানী স্কাই বাংলা নেট অনলাইন পোর্টাল নামের একটি প্রতিষ্ঠান পরিচালনা করেন। ওই পোর্টালে ভুক্তভোগী ওই নারী সাংবাদিক কর্মরত ছিলেন। সহকর্মী হিসেবে ২০২৫ সালের ৪ জুলাই গোলাম রাব্বানী চন্দ্রিমা থানার পদ্মা আবাসিক এলাকার ৩২৯ নম্বর বাসায় স্কাইবাংলা নেট অফিসে তাকে ডেকে নেন। ওই দিন দুপুর সাড়ে ১২টায় ওই নারী সাংবাদিক গোলাম রাব্বানীর অফিস কক্ষে ঢুকলে তাকে একা পেয়ে শরীরের স্পর্শকাতর স্থানে হাত দিয়ে যৌন নিপীড়ন করেন। এক পর্যায়ে ওই নারীকে ধর্ষণ চেষ্টা করেন। এ সময় ওই নারী সাংবাদিক ধস্তাধস্তি করে কক্ষ থেকে বেরিয়ে আসেন এবং স্কাই বাংলা অনলাইনের কাজ ছেড়ে দেন।’

এজাহারে আরও বলা হয়েছে, পরে তিনি বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে পাবলিক রিলেশন অ্যান্ড মিডিয়া বিভাগে কাউন্সিলর হিসেবে কাজে যোগ দেন। বিবাদী একই বিশ্ববিদ্যালয়ে মিডিয়া বিভাগের উপদেষ্টা এবং খণ্ডকালীন শিক্ষক হিসেবে চাকরি করেন। ওই নারী সাংবাদিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে গোলাম রাব্বানীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন এবং তার সহকর্মীদের বিষয়টি জানান। এ ঘটনার জের ধরে গোলাম রাব্বানী ওই নারীকে বিভিন্নভাবে হুমকি ও হয়রানি করতে থাকেন। পরে ৩ মার্চ গোলাম রাব্বানীর বিরুদ্ধে চন্দ্রিমা থানায় মামলা দায়ের করেন ওই নারী সাংবাদিক। 

এ ব্যাপারে জানতে চাইলে মামলার বাদী নারী সাংবাদিক বলেন, ‘এ ঘটনায় থানায় মামলা করেছি। কিন্তু পুলিশ আসামিকে গ্রেপ্তারে তৎপর নয়। নানা রকম টালবাহানা করে পুলিশ সময় পার করছে। কয়েক দফা থানায় গিয়েছি। পুলিশ বলে ওসি নাই। আসামি পাওয়া যাচ্ছে না। শুধু অজুহাত দিয়ে যাচ্ছে। আসামিকে উচ্চ আদালত থেকে জামিনের সুযোগ করে দিতে এই গড়িমশি করছে।’এ বিষয়ে জানতে অভিযুক্ত সাংবাদিক গোলাম রাব্বানীর ফোনে একাধিকবার কল করেও তার ফোন বন্ধ পাওয়া যায়।

জানতে চাইলে চন্দ্রিমা থানার (ওসি) তদন্ত মাহমুদ সিদ্দিকী বলেন, মামলা রেকর্ড হয়েছে। তবে এ বিষয়ে আমি কিছু জানি না। তদন্ত কর্মকর্তার সঙ্গে কথা বলেন। 

মামলার তদন্ত কর্মকর্তা এসআই আসাদুর রহমান বলেন, ‘পুলিশ আসামিকে গ্রেপ্তারে চেষ্টা করছে। কিন্তু আসামি রাজশাহীতে নেই। তার মোবাইল লোকেশন ঢাকায় দেখা যাচ্ছে। ওসিও থানায় নেই, ছুটিতে আছেন। এ কারণে আমরা আসামি গ্রেপ্তারে ঢাকায় অভিযান চালাতে পারছি না।’  

0
Would love your thoughts, please comment.x
()
x