
বিশ্ব ইজতেমার দুই পক্ষের সঙ্গে আলোচনা করে আগামী বছরের বিশ্ব ইজতেমার সম্ভাব্য তারিখ জানিয়েছে সরকার। প্রাথমিকভাবে আগামী ৮ থেকে ১০ জানুয়ারি প্রথম পর্ব এবং ১৫ থেকে ১৭ জানুয়ারি দ্বিতীয় পর্বের ইজতেমা আয়োজনের পরিকল্পনা করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিশ্ব ইজতেমা আয়োজন নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি। সভায় ধর্ম প্রতিমন্ত্রী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, উল্লেখিত তারিখগুলো চূড়ান্ত করার আগে বিশ্ব ইজতেমার দুই পক্ষের সঙ্গে আবারও আলোচনা করা হবে। সাদপন্থি ও জুবায়েরপন্থিদের মধ্যকার মতপার্থক্য দূর করে নির্বিঘ্নে বিশ্ব ইজতেমা আয়োজনের জন্য সরকার কাজ করছে।
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেন, বিগত বছরের তুলনায় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো। তবে জনগণের প্রত্যাশা পূরণে আরও কিছুটা সময় লাগবে। অপরাধ দমনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও সক্রিয় করতে কাজ চলমান রয়েছে।তিনি বলেন, ছিনতাইয়ের ঘটনায় এক শিক্ষিকার মৃত্যুর ঘটনায় পুলিশ ১২ ঘণ্টার মধ্যে আসামিকে গ্রেপ্তার করেছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নতি করতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পুলিশ বাহিনী কাজ করছে।স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও সক্রিয়ভাবে কাজ করার নির্দেশনা দেওয়া হয়েছে।
desk news 



















