সিলেট নগরীর নাইওপুল এলাকা থেকে ছিনতাইকারী সন্দেহে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (৭ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছে সিলেট মহানগর পুলিশের (এসএমপি) গণমাধ্যম শাখা। তারা জানায়, শনিবার (৫ সেপ্টেম্বর) মধ্যরাতে নাইওপুল এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—কোতোয়ালী মডেল থানার সওদাগরটুলা চারাদিঘীরপার এলাকার আলমগীর ও আয়না মতি বেগমের ছেলে বরকত আলী (২০), সুনামগঞ্জের দিরাই থানার নয়াগাঁও এলাকার শাহজাহান মিয়া ও মনোয়ারা বেগমের ছেলে সানি আলম (২৪) এবং শাহপরান থানার বটেশ্বর মালাটিলা এলাকার মো. ইসহাক ও রোকসানা বেগমের ছেলে রাকিব রানা (২২)।
পুলিশের তথ্য অনুযায়ী, গ্রেপ্তার তিনজনই কোতোয়ালী মডেল থানায় গত ২৯ আগস্ট দায়ের করা একটি মামলার (মামলা নং-৪৬) আসামি।
গ্রেপ্তারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে সিলেট মহানগর পুলিশের গণমাধ্যম শাখা।
সিলেট প্রতিনিধি 



















