
পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী মাহিরা খানকে ঘিরে এলো সুখবর। ৪১ বছর বয়সে দ্বিতীয়বারের মতো মা হতে চলেছেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে বেবি বাম্পের ছবি প্রকাশের পরই বিষয়টি নিয়ে ভক্তদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস দেখা গেছে।
সম্প্রতি কানাডায় অনুষ্ঠিত টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে (টিআইএফএফ) অংশ নেন মাহিরা। উৎসবের বিভিন্ন আয়োজনে তাকে বেবি বাম্পসহ দেখা যায়। এরপর নিজের মাতৃত্বের খবর প্রকাশ্যে আনেন এই অভিনেত্রী।
মাহিরার ব্যক্তিগত জীবনে এটি দ্বিতীয়বারের মতো মাতৃত্বের অধ্যায় হলেও তার বর্তমান স্বামী সেলিম করিমের সঙ্গে এটি প্রথম সন্তান। ২০২৩ সালের অক্টোবরে ব্যবসায়ী সেলিম করিমকে বিয়ে করেন মাহিরা। এর আগে আলি আসকারির সঙ্গে তার বিয়ে হয়েছিল। সেই সংসারে তার একটি ছেলে রয়েছে।
প্রথম সংসারে জন্ম নেওয়া মাহিরার ছেলে আজলানের বয়স বর্তমানে ১৭ বছর। ২০১৫ সালে আলি আসকারির সঙ্গে বিচ্ছেদ হয় অভিনেত্রীর। এরপর কয়েক বছর পর সেলিম করিমের সঙ্গে নতুন সম্পর্কে জড়ান তিনি এবং ২০২৩ সালে তাদের বিয়ে হয়।
মাহিরার দ্বিতীয়বার মা হওয়ার খবর প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছার বন্যা বইছে। ভক্তদের পাশাপাশি তার সহকর্মীরাও নতুন অতিথির আগমনের খবরে আনন্দ প্রকাশ করছেন।
এদিকে অভিনয়েও ব্যস্ত সময় পার করছেন মাহিরা। টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসরে বাসাম তারিক পরিচালিত ‘Your Mother, Your Mother, Your Mother’ সিনেমার প্রদর্শনীতে অংশ নেন তিনি। সিনেমাটিতে তার সঙ্গে অভিনয় করেছেন অস্কারজয়ী অভিনেতা মাহেরশালা আলী।
টেলিভিশন নাটকের মাধ্যমে অভিনয়জগতে পরিচিতি পাওয়া মাহিরা পরবর্তী সময়ে পাকিস্তানের চলচ্চিত্রেও সফলতা অর্জন করেন। জনপ্রিয় নাটক ‘হামসফর’ তাকে দর্শকদের কাছে ব্যাপক পরিচিতি এনে দেয়। এরপর ২০১৬ সালে শাহরুখ খানের বিপরীতে ‘রইস’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে বলিউডে অভিষেক হয় তার।
ক্যারিয়ারের পাশাপাশি ব্যক্তিগত জীবনেও নতুন অধ্যায়ের শুরু করতে যাচ্ছেন মাহিরা। দ্বিতীয়বার মা হওয়ার অপেক্ষায় থাকা এই অভিনেত্রীর জন্য এখন ভক্তদের শুভকামনা ও ভালোবাসাই সবচেয়ে বড় প্রাপ্তি।
বিনোদন ডেস্ক 


















