
রাজধানীর গুলশানে নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের আকস্মিক মিছিলের পরিকল্পনা সম্পর্কে গোয়েন্দা সংস্থাগুলোর কাছে আগাম তথ্য ছিল বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সচিবালয়ে যানজট নিরসনসংক্রান্ত এক সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নিষিদ্ধ সংগঠনের কিছু নেতাকর্মী বিভিন্ন সময় ছোট দলে বিভক্ত হয়ে আকস্মিকভাবে মিছিল বের করার চেষ্টা করছে। এসব কর্মকাণ্ডের ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ঘটনাও ঘটছে।
গুলশানের সাম্প্রতিক ঘটনার প্রসঙ্গে তিনি জানান, সেখানে মিছিলের সম্ভাবনা সম্পর্কে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে তথ্য ছিল। তবে ঘটনার সময় ও পরিস্থিতি যথাযথভাবে মূল্যায়ন করতে পুলিশের ঘাটতি ছিল। তার ভাষ্য অনুযায়ী, বিষয়টিকে সরাসরি গোয়েন্দা ব্যর্থতা বলা ঠিক হবে না।
তিনি বলেন, ঘটনার পর সংশ্লিষ্টদের শনাক্ত করে আইনের আওতায় আনার প্রক্রিয়া শুরু হয়েছে। রাজধানীতে এ ধরনের কর্মকাণ্ড ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনীকে আরও সতর্ক থাকতে বলা হয়েছে।
এদিকে নগরীর যানজট কমাতে অবৈধ ব্যাটারিচালিত যান ও অনুমোদনহীন চার্জিং ব্যবস্থার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী। সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বয়ে ধাপে ধাপে এসব সমস্যা মোকাবিলার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানান তিনি।
গুলশানের মিছিলের ঘটনায় ইতোমধ্যে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
নিজস্ব প্রতিবেদক 























