
ভারতের ঝাড়খণ্ডে অবস্থিত আদানি পাওয়ার প্ল্যান্ট থেকে বাংলাদেশে সরবরাহ করা বিদ্যুৎ যেকোনো সময় বন্ধ করে দেওয়া হতে পারে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
বুধবার (১৬ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল ও মুক্তিযুদ্ধের প্রজন্ম আয়োজিত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে তিনি এ মন্তব্য করেন।
রিজভী বলেন, ভারতের ঝাড়খণ্ডে আদানির বিদ্যুৎকেন্দ্রের নিয়ন্ত্রণ ও ‘সুইচ’ রয়েছে। ওই কেন্দ্র থেকে বাংলাদেশে প্রায় ১,৩০০ মেগাওয়াট বিদ্যুৎ আসে। ফলে ভারত চাইলে যেকোনো সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ বা চালু করতে পারে বলে তিনি দাবি করেন।
বাংলাদেশ-ভারত সম্পর্ক ও বিদ্যুৎ সরবরাহ পরিস্থিতি নিয়ে সমালোচনা করে তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ব্রিকস সম্মেলনে না যাওয়ার সিদ্ধান্ত নেওয়ার পরদিনই আদানি পাওয়ার প্ল্যান্টের একটি ইউনিট নষ্ট হওয়ার খবর প্রচার করা হয়। এ ঘটনার পেছনে কোনো রাজনৈতিক সমীকরণ রয়েছে কি না, সে প্রশ্নও তোলেন তিনি।
এ সময় রিজভী ভারতের কাছে অবস্থানরত শেখ হাসিনাসহ বিভিন্ন ব্যক্তিকে দেশে ফিরিয়ে আনার বিষয়েও বক্তব্য দেন। পাশাপাশি দেশের বিদ্যুৎ ও জ্বালানি সংকটকে বৈশ্বিক পরিস্থিতির ফল হিসেবে উল্লেখ করে বিকল্প উৎস থেকে গ্যাস আমদানির উদ্যোগের কথা তুলে ধরেন।
নিজস্ব প্রতিবেদক 


















