
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) তিন শিক্ষার্থীর গত নয় মাসে পানিতে ডুবে মৃত্যু হয়েছে। সিলেটের বিভিন্ন পর্যটন এলাকা ও সুইমিংপুলে এসব দুর্ঘটনা ঘটে।
সর্বশেষ গত ১৬ সেপ্টেম্বর নগরের চৌকিদিখি এলাকার একটি সুইমিংপুলে সাঁতার কাটতে গিয়ে মারা যান বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী দীপাঞ্জন ঘোষ। সহপাঠীরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলেও চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এর আগে ১৫ মে সিলেটের বিছানাকান্দিতে পানিতে ডুবে প্রাণ হারান পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী শান্ত বণিক। বন্ধুদের সঙ্গে সেখানে ঘুরতে গিয়ে পানিতে নামার পর স্রোতের মধ্যে তিনি নিখোঁজ হন। পরে উদ্ধারকারী দলের সদস্যরা তার মরদেহ উদ্ধার করেন।
এ ছাড়া চলতি বছরের ৩০ জানুয়ারি সিলেটের লালাখালে গোসল করতে গিয়ে মারা যান ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী মুসআব আমীন। প্রতিবেদনে বলা হয়েছে, তিনি সাঁতার জানতেন না।
মাত্র নয় মাসের ব্যবধানে তিন শিক্ষার্থীর এমন মৃত্যুতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগ ও শোকের সৃষ্টি হয়েছে। অপরিচিত জলাশয়ে নামার আগে সতর্কতা অবলম্বন এবং সাঁতারের ক্ষেত্রে প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্ব দিচ্ছেন সংশ্লিষ্টরা।
বিশেষ করে স্রোতযুক্ত নদী, ঝরনা ও পর্যটনকেন্দ্রের জলাশয়ে পানিতে নামার ক্ষেত্রে স্থানীয় সতর্কতা ও নিরাপত্তা নির্দেশনা মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে।
সিলেট প্রতিনিধি 


















