ঢাকাই চলচ্চিত্রশিল্পে ঈদ মানেই বাড়তি উৎসব। সিনেমা দর্শকদের জন্য এটি যেমন বিনোদনের বড় সময়, তেমনি নির্মাতা-প্রযোজকদের জন্যও সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যবসায়িক মৌসুম। ঈদুল ফিতরের সিনেমার রেশ কাটতে না কাটতেই শুরু হয়েছে ঈদুল আজহার সিনেমা ঘিরে আলোচনা। বিগত বছরগুলোর মতো এবারও বড় বাজেট, নতুন জুটি আর ভিন্নধর্মী গল্প নিয়ে বেশ কয়েকটি সিনেমা মুক্তির প্রস্তুতি চলছে।
আসছে ঈদুল আজহায় সবচেয়ে আলোচিত সিনেমাগুলোর একটি ‘রইদ’। ‘হাওয়া’খ্যাত নির্মাতা মেজবাউর রহমান সুমন পরিচালিত সিনেমাটির মুক্তির ঘোষণা আগেই এসেছে। প্রচারের অংশ হিসেবে গান, পোস্টার ও টিজার প্রকাশও পেয়েছে। এসব প্রকাশের পর থেকেই দর্শকদের আগ্রহ তৈরি হয়েছে। সিনেমাটিতে অভিনয় করেছেন মোস্তাফিজুর নূর ইমরান ও নাজিফা তুষি। নির্মাতা জানিয়েছেন, সিনেমাটি এখন প্রস্তুত হচ্ছে সেন্সর সার্টিফিকেশন বোর্ডে জমা দেওয়ার জন্য। আজকালের মধ্যেই জমা পড়বে বলে আশা করি।
ঈদ মানেই এখন শাকিব খানের সিনেমা। গেল ঈদে তাঁর ‘প্রিন্স’ প্রত্যাশা পূরণ করতে না পারলেও এবার দর্শকদের নজর ‘রকস্টার’-এ। সিনেমাটিতে দ্বিতীয়বারের মতো শাকিব খানের সঙ্গে জুটি হয়েছেন সাবিলা নূর। পরিচালনায় আছেন আজমান রুশো। ইতোমধ্যে সিনেমাটির লুক পোস্টার, অ্যানিমেশন টিজার ও প্রথম গান ‘পিরিতি’ প্রকাশ পেয়েছে। নির্মাতার ভাষ্য, শুটিং শেষ করে এখন চলছে সম্পাদনার কাজ। চলছে সেন্সরে জমা দেওয়ারও প্রস্তুতি। ঈদুল ফিতরের পরপরই সিনেমাটি ঈদুল আজহায় মুক্তি পাবে সে ঘোষণা দিয়ে শুটিং শুরু করা হয়। এরপর থেকেই আলোচনায় সিনেমাটি। ঈদে মুক্তির ক্ষেত্রে সিনেমাটি প্রচার-প্রচারণায় কোনো কমতি রাখছে না রকস্টার টিম।
অন্যদিকে আরিফিন শুভ ও বিদ্যা সিনহা মিম অভিনীত ‘মালিক’ নিয়েও রয়েছে কৌতূহল। ‘সাপলুডু’র পর আবারও এই জুটিকে একসঙ্গে দেখা যাবে। সিনেমাটি পরিচালনা করেছেন সাইফ চন্দন। শুটিং শেষ হয়ে বর্তমানে চলছে পোস্ট-প্রোডাকশনের কাজ। খুব শিগগিরই ঈদে মুক্তি নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসবে বলে জানিয়েছেন নির্মাতা। ঈদে মুক্তির বিষয়ে আনুষ্ঠানিক মন্তব্যের জন্য পরিচালকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘আমরা সিনেমাটির শুধু মুক্তি না, কোনো কিছুই এখনও অফিসিয়ালি জানায়নি। তবে আমরা প্রস্তুত হচ্ছি। আগামী দুই-একদিনের মধ্যেই ঈদে মুক্তির বিষয়ে আনুষ্ঠানিকভাবে সব জানানো হবে।’
প্রায় পাঁচ বছর আগে ‘মাসুদ রানা’ সিনেমার শুটিং শুরু করেছেন নির্মাতা সৈকত নাসির। সিনেমাটির বেশির ভাগ শুটিং শেষ হলেও বাকি ছিল একটি গান ও কয়েকটি গুরুত্বপূর্ণ দৃশ্য। নানা জটিলতার কারণে কাজটি দীর্ঘদিন আটকে ছিল। সম্প্রতি সেই জট কাটিয়ে সিনেমাটি ঈদুল আজহায় মুক্তির জন্য প্রস্তুত করা হচ্ছে বলে জানিয়েছেন সিনেমাটির প্রযোজক আব্দুল আজিজ। তিনি জানান, মাসুদ রানার বাকি কাজ শেষ হয়েছে। আমরা সিনেমাটি ঈদুল আজহায় মুক্তি দেব। এতে নাম ভূমিকায় অভিনয় করেছেন রাসেল রানা এবং তাঁর বিপরীতে আছেন পূজা চেরি। এখনও সিনেমাটির প্রচার-প্রচারণা শুরু হয়নি। নির্মাতা জানিয়েছেন, আগামী ২০ মে’র মধ্যে সেন্সরে জমা দেওয়ার পরিকল্পনা রয়েছে।
বুবলী ও আদর আজাদ অভিনীত ‘পিনিক’ও মুক্তির অপেক্ষায় রয়েছে। জাহিদ জুয়েল পরিচালিত সিনেমাটি এর আগেও কয়েকবার মুক্তির ঘোষণা দিয়ে পিছিয়েছে। হল সংকটের কারণে এবারও মুক্তি নিয়ে অনিশ্চয়তা রয়েছে। সিনেমা-সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ করা হলে আগামী ঈদুল আজহাতেও সিনেমাটি মুক্তি পাবে কিনা সে বিষয়ে নিশ্চিত করে কিছু জানাতে পারেননি।
এদিকে বাপ্পারাজ ও দীঘি অভিনীত ‘বিদায়’ সিনেমার কাজ এখনও চলছে। ‘বরবাদ’ ও ‘রাক্ষস’খ্যাত নির্মাতা মেহেদি হাসান হৃদয় সিনেমাটি পরিচালনা করছেন। পরিচালক জানালেন, সিনেমাটির প্যাসওয়ার্কের শুটিং চলছে। এর আগে জানানো হয় সিনেমাটি ঈদুল আজহায় মুক্তি পাবে। তবে ঈদের ঠিক আগ মুহূর্তে সিনেমাটির প্রযোজক শাহরীন আক্তার জানালেন, তারা ঈদুল আজহায় ‘বিদায়’-এর মুক্তির লক্ষ্য নিয়েই নির্মাণ করছিলেন। এখনও ঈদুল আজহাতেই মুক্তির পরিকল্পনা নিয়ে কাজ চালিয়ে যাচ্ছেন। তবে ঈদ ছাড়া কোনো একটি উৎসব তৈরি করে মুক্তি দেওয়ার কথাও তাদের মাথায় আছে।
অন্যদিকে সমাজের নানা বাধা আর রক্তচক্ষু উপেক্ষা করে প্রেম ও বিরহের চিত্রনাট্যে নির্মিত হয়েছে সিনেমা ‘নাকফুলের কাব্য’। ২০২৪ সালে শুরু হওয়া এই সিনেমাটি সেন্সর ছাড়পত্র পেলেও এতদিন মুক্তি পায়নি। এবার সিনেমাটির প্রযোজনা সংস্থা জানিয়েছে, কোরবানির ঈদে মুক্তি পেতে যাচ্ছে ‘নাকফুলের কাব্য’। এতে অভিনয় করেছেন পূজা চেরি ও আদর আজাদ। সিনেমাটির পরিচালক আলোক হাসান বলেন, ‘আমাদের সিনেমা সব রেডি করা। সেন্সরও করা। এবার প্রযোজনা সংস্থা সিদ্ধান্ত নিয়েছে ঈদে সিনেমাটি মুক্তি দেওয়া হবে। সে অনুযায়ী প্রচার-প্রচারণা করা হচ্ছে।’





