প্রথম পাতা খেলাধুলা কোচ জয়সুরিয়ার ব্যর্থতার কারণ
কোচ জয়সুরিয়ার ব্যর্থতার কারণ
কোচ জয়সুরিয়ার ব্যর্থতার কারণ - সংরক্ষিত ছবি।

বড় খেলোয়াড় হলেই যে সফল কোচ হবেন, সনাথ জয়সুরিয়া সেই বিষয়টা আবার ভুল প্রমাণ করলেন। টি২০ বিশ্বকাপ থেকে রীতিমতো শূন্য হাতেই বিদায় নিয়েছে জয়সুরিয়ার দল শ্রীলঙ্কা। ঘরের মাঠে লঙ্কানদের এমন পারফরম্যান্সে অনেকেই বেশ হতাশ। কুমার সাঙ্গাকারা, ফারভিজ মাহারুফের মতো সাবেকরা তো কঠোর সমালোচনা করেছেন দলের। আর এ ব্যর্থতার দায় কাঁধে নিয়ে পদত্যাগের ঘোষণা দিয়েছেন কোচ জয়সুরিয়া।

খেলোয়াড়ি জীবনে শ্রীলঙ্কাকে উজাড় করে দিয়েছেন জয়সুরিয়া। বিশ্বকাপ এনে দিয়ে দেশকে প্রতিষ্ঠিত করেছিলেন পরাশক্তি হিসেবে। মারকুটে ব্যাটিংয়ে খেলার ধারাই বদলে দিয়েছিলেন তিনি। বর্তমানের ধুন্ধুমার টি২০ ক্রিকেটে তাঁর প্রভাব অপরিসীম। সেই সর্বকালের অন্যতম সেরা অলরাউন্ডারকে অনেক আশা নিয়ে শ্রীলঙ্কার কোচের দায়িত্ব দেওয়া হয়েছিল। কিন্তু কোচ হিসেবে প্রত্যাশার ধারেকাছে যেতে পারেননি। টি২০ বিশ্বকাপে তাঁর ব্যর্থতা প্রকট হয়ে ফুটে ওঠে। ২০২৪ বিশ্বকাপের পর ভারতের বিপক্ষে সিরিজের জন্য অন্তর্বর্তী কোচ হিসেবে জয়সুরিয়াকে দায়িত্ব দেওয়া হয়েছিল। পরে ওই বছরের শেষ দিকে তাঁকে স্থায়ীভাবে দায়িত্ব দেওয়া হয়। তাঁর অধীনে তিন ফরম্যাট মিলিয়ে ৭৪টি ম্যাচ খেলেছে শ্রীলঙ্কা। এর মধ্যে ৩৪টি জিতেছে এবং হেরেছে ৩৮টিতে।দায়িত্ব পাওয়ার পর ঘরের মাঠে দ্বিপক্ষীয় সিরিজগুলোতে বেশ ভালো ফলাফল এনে দেন জয়সুরিয়া। ২০২৪ সালের আগস্টে ২৭ বছর পর ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজ জেতান তিনি। ওই বছর সেপ্টেম্বরে ওভালে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট জেতে শ্রীলঙ্কা। এরপর ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে ২-০ ব্যবধানে টেস্ট সিরিজ জেতে তারা। এই সাফল্যের কারণেই স্থায়ীভাবে দায়িত্ব দেওয়া হয় তাঁকে। পাশাপাশি ঘরের মাঠে টি২০ বিশ্বকাপে ভালো করার জন্যই দীর্ঘমেয়াদে কোচ করা হয়েছিল জয়সুরিয়াকে। কিন্তু সেখানেই ব্যর্থতার ষোলোকলা পূর্ণ করলেন তিনি। 

প্রাথমিক গ্রুপ পর্বে আয়ারল্যান্ড, ওমান, অস্ট্রেলিয়াকে হারালেও জিম্বাবুয়ের কাছে হারে শ্রীলঙ্কা। আর সুপার এইটে তিন ম্যাচেই হারের স্বাদ পেয়েছে। এর মধ্যে ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের বিপক্ষে হেরেছে বাজেভাবে। এই ব্যর্থতার কারণ খুঁজতে গিয়ে শ্রীলঙ্কার কয়েকটি স্থানীয় মিডিয়া একটি গুরুতর বিষয় সামনে এনেছে। তা হচ্ছে ঘরের মাঠে সফলতার জন্য জয়সুরিয়া নাকি স্থানীয় কিউরেটর দিয়ে মন্থর ও নিচু উইকেট বানাতেন। আইসিসি ইভেন্টে এমন পিচ পায়নি বলেই লঙ্কানরা ব্যর্থ হয়েছে। লঙ্কান অধিনায়ক দাসুন শানাকা অবশ্য এই ব্যর্থতার জন্য বেশ কজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়ের চোটকে দায়ী করেছেন। তারকা অলরাউন্ডার ওয়ানিন্দু হাসারাঙ্গা ও পেসার মাথিশা পাথিরানা থাকলে তাদের ফলাফল অন্যরকম হতো বলে বিশ্বাস তাঁর।

0
Would love your thoughts, please comment.x
()
x