২২০ রান করেও হার। এমন শুরু দুঃস্বপ্নেও হয়ত ভাবেনি কলকাতা নাইট রাইডার্স। পেসাররা রান বিলালেন পানির মতো। ২৫ কোটি রুপির ক্যামেরন গ্রিন বল করতে পারছেন না। এত সব যখন হচ্ছে, তখন প্রশ্ন উঠেই যাচ্ছে- মুস্তাফিজুর রহমানকে কি মিস করছে কেকেআর?আইপিএলে নিজেদের প্রথম ম্যাচে ২২০ রান করেও ৫ বল হাতে রেখে হেরেছে কলকাতা। মুম্বাই ইন্ডিয়ান্স ৬ উইকেট হাতে রেখে জিতে নেয় ম্যাচ। এমন দিনে কলকাতার পেসাররা ছিলেন ভীষণ মলিন। বৈভব অরোরা ৪ ওভারে ৫২ রান, ব্লেসিং মুজারাবানি ৩ ওভারে ৩৪ রান আর কার্তিক ত্যাগী ৪ ওভারে ৪৩ রান বিলিয়েছেন। মলিন ছিলেন স্পিনাররাও। ১০ এর নিচে ইকোনোমি রেট ছিল না কারও।
ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে কলকাতার সমর্থকরা বলাবলি করছেন, মুস্তাফিজকে দলছাড়া করা ছিল শাহরুখ খানের দলের ভীষণ ভুল। আইপিএল কর্তৃপক্ষের নির্দেশে এই কাণ্ড ঘটানোর পর এখন মাথা চাপড়ানো ছাড়া যেন কিছুই করার নেই দলটির। তার ওপর অন্য পেসারদের একের পর এক চোট। শেষমেশ যে পেস লাইনআপ দাঁড় করিয়েছে তিনবারের চ্যাম্পিয়নরা, তা পাহাড়সম রানও ডিফেন্ড করতে পারছে না।








