সালমান শাহর মৃত্যুর তিন দশক পেরিয়ে গেলেও ঢাকাই চলচ্চিত্রে তাঁর জনপ্রিয়তায় যেন এতটুকুও ভাটা পড়েনি। ৩০তম প্রয়াণদিবসে প্রিয় এই নায়ককে স্মরণ করেছেন তাঁর অন্যতম জনপ্রিয় সহশিল্পী ও পর্দার জুটি শাবনূর।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক আবেগঘন বার্তায় শাবনূর সালমান শাহর স্মৃতিচারণ করেন। তিনি জানান, এত বছর পরও সালমানের চলে যাওয়ার বিষয়টি তাঁর কাছে অবিশ্বাস্য মনে হয়। সময় পেরিয়ে গেলেও প্রিয় এই সহশিল্পীর স্মৃতি তাঁর হৃদয়ে এখনো একইভাবে জীবন্ত।
শাবনূরের ভাষায়, দর্শকের কাছে সালমান শাহ ছিলেন স্বপ্নের নায়ক। পর্দায় তাঁর উপস্থিতি ও অভিনয়ের যে মায়া তৈরি হয়েছিল, তা আজও ভক্তদের মনে অটুট রয়েছে।
সালমানের অকালমৃত্যু চলচ্চিত্র অঙ্গনে যে শূন্যতা তৈরি করেছিল, দীর্ঘ সময়েও তা পূরণ হয়নি বলেও উল্লেখ করেন শাবনূর। তাঁর মতে, সময়ের সঙ্গে চলচ্চিত্রে অনেক পরিবর্তন এসেছে, নতুন প্রজন্ম এসেছে; কিন্তু সালমান শাহর জনপ্রিয়তা এবং দর্শকের ভালোবাসা এখনো আগের মতোই রয়েছে।
প্রয়াত এই নায়কের আত্মার শান্তি কামনা করে শাবনূর তাঁর প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা জানান। একই সঙ্গে মহান আল্লাহর কাছে সালমান শাহকে জান্নাতবাসী করার দোয়া করেন তিনি।
১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর অকালমৃত্যু হয় সালমান শাহর। তাঁর ও শাবনূরের পর্দার জুটি নব্বইয়ের দশকে দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছিল। তাঁদের অভিনীত সিনেমা ও জুটি এখনো ঢালিউডের দর্শকদের কাছে নস্টালজিয়ার অন্যতম অংশ।
সালমান শাহ নেই, কিন্তু তাঁর অভিনয়, স্টাইল ও সিনেমাগুলো তাঁকে এখনো দর্শকের কাছে জীবন্ত করে রেখেছে। তিন দশক পরও তাই ঢাকাই চলচ্চিত্রের এই ক্ষণজন্মা নায়ক ভালোবাসা ও স্মৃতিতে উজ্জ্বল হয়ে আছেন।
বিনোদন ডেস্ক 



















