কুমিল্লার কোটবাড়িতে নিখোঁজের একদিন পর ১৩ বছর বয়সী অপ্রতিমের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৯ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের দক্ষিণ মোড়ের দক্ষিণ পাশে একটি জঙ্গল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ জানিয়েছে, অপ্রতিমের মাথায় গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে। তার মৃত্যুর কারণ ও ঘটনার সঙ্গে কারা জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে।
পরিবারের বরাত দিয়ে জানা যায়, শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে কোটবাড়ি এলাকার বাসা থেকে মায়ের আইফোন নিয়ে বন্ধুদের সঙ্গে ছবি তুলতে বের হয়েছিল অপ্রতিম। এরপর সে আর বাসায় ফেরেনি। সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজ করেও তাকে না পেয়ে ওইদিন সদর দক্ষিণ থানায় সাধারণ ডায়েরি করেন তার বাবা কে এম ফিরোজ শাহরিয়ার।
অপ্রতিম কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগম ও কে এম ফিরোজ শাহরিয়ারের একমাত্র সন্তান। সে বর্ডারগার্ড পাবলিক স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল।
সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রকিবুল ইসলাম জানান, দক্ষিণ মোড়ের দক্ষিণ পাশের জঙ্গল থেকে অপ্রতিমের মরদেহ উদ্ধার করা হয়েছে। তার মাথায় গুরুতর আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।
পুলিশ মরদেহ উদ্ধার করে পরবর্তী আইনগত প্রক্রিয়া শুরু করেছে।
কুমিল্লা প্রতিনিধি 



















