
পিরোজপুর সদর হাসপাতালের চিকিৎসাসেবা ও সামগ্রিক ব্যবস্থাপনা সরেজমিনে দেখতে আকস্মিক পরিদর্শনে গেছেন নৌপরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহমদ সোহেল মনজুর।
রোববার (১৩ সেপ্টেম্বর) রাতে দুই প্রতিমন্ত্রী হাসপাতালে যান। এ সময় তাদের সঙ্গে পিরোজপুরের জেলা প্রশাসক আবু সাঈদ, সিভিল সার্জন ডা. মো. মতিউর রহমানসহ প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পরিদর্শনকালে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন দুই প্রতিমন্ত্রী। চিকিৎসাধীন রোগীদের কাছে গিয়ে তারা চিকিৎসার খোঁজখবর নেন। নিয়মিত ওষুধ পাওয়া যাচ্ছে কি না, প্রয়োজনীয় চিকিৎসা নিতে কোনো সমস্যার মুখোমুখি হতে হচ্ছে কি না—এসব বিষয়েও রোগী ও স্বজনদের সঙ্গে কথা বলেন তারা।
হাসপাতালে রোগীদের জন্য রান্না ও পরিবেশন করা খাবারের মানও সরেজমিনে যাচাই করেন প্রতিমন্ত্রীদ্বয়। নির্ধারিত খাদ্যতালিকা অনুযায়ী খাবার সরবরাহ করা হচ্ছে কি না এবং খাবারের পরিমাণ ও গুণগত মান ঠিক রয়েছে কি না, তা পর্যবেক্ষণ করেন তারা।
পরিদর্শন শেষে হাসপাতালের পরিচ্ছন্নতা আরও উন্নত করার ওপর গুরুত্ব দেন দুই প্রতিমন্ত্রী। একই সঙ্গে রোগীদের চিকিৎসাসেবা দেওয়ার ক্ষেত্রে আরও ভালো পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা দেন।
রোগীদের খাবার পরিবেশনের ক্ষেত্রেও কোনো ধরনের অনিয়ম যেন না হয়, সে বিষয়ে নিয়মিত নজরদারি রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
হাসপাতালের সেবার মান উন্নয়ন, রোগীদের ভোগান্তি কমানো এবং চিকিৎসাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্টদের আরও দায়িত্বশীলভাবে কাজ করার তাগিদ দেন প্রতিমন্ত্রীদ্বয়।
পিরোজপুর প্রতিনিধি 


















