ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ফুটবল খেলাকে কেন্দ্র করে বাগবিতণ্ডার জেরে দুই গ্রামের মানুষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার (৯ সেপ্টেম্বর) দিবাগত রাতে স্বল্পনোয়াগাঁও ও নতুন হাবেলিপাড়া গ্রামের বাসিন্দাদের মধ্যে এ সংঘর্ষ হয়। এতে পুলিশ কর্মকর্তা, জনপ্রতিনিধিসহ অন্তত অর্ধশত ব্যক্তি আহত হয়েছেন বলে জানা গেছে।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে স্বল্পনোয়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ফুটবল খেলা শুরু হয়। খেলার একপর্যায়ে নতুন হাবেলিপাড়া গ্রামের এক কিশোরের সঙ্গে স্বল্পনোয়াগাঁও গ্রামের এক কিশোরের বিরোধ ও হাতাহাতির ঘটনা ঘটে। বিষয়টি নিয়ে পরে দুই গ্রামের লোকজনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
সন্ধ্যার দিকে পরিস্থিতি সংঘর্ষে রূপ নেয়। অন্ধকার নেমে আসার পরও থামেনি সংঘর্ষ। দুই পক্ষ টর্চলাইট জ্বালিয়ে একে অপরের দিকে ইটপাটকেল নিক্ষেপ করে সংঘর্ষ চালিয়ে যায়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। পরে স্থানীয় জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতারাও ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি শান্ত করার উদ্যোগ নেন। একপর্যায়ে দীর্ঘ প্রচেষ্টার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
সংঘর্ষে ইটের আঘাতে সরাইল সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) জাহাঙ্গীর আলম এবং সরাইল সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল জব্বার আহত হন। সংঘর্ষ থামাতে বিএনপি নেতা আনোয়ার মাস্টার মাইক হাতে নিয়ে উভয় পক্ষকে শান্ত হওয়ার আহ্বান জানান।
সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনজুর কাদের ভূঁইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, সংঘর্ষ থামাতে গিয়ে পুলিশের একজন কর্মকর্তাও আহত হয়েছেন। এ ঘটনায় তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি 


















