বগুড়ায় অস্বাস্থ্যকর পরিবেশে ফুচকা ও চটপটি তৈরির অভিযোগে একটি কারখানাকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে কারখানাটি সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে বগুড়া শহরের মালতিনগর এলাকায় ফুচকা ও চটপটি তৈরির ওই কারখানায় যৌথ অভিযান চালায় জেলা প্রশাসন ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।
অভিযানে কারখানার ভেতরে খাবার তৈরির পরিবেশ দেখে কর্মকর্তারা চরম অসন্তোষ প্রকাশ করেন। সেখানে প্রস্তুত খাবারে ইঁদুর ও কবুতরের বিষ্ঠার উপস্থিতি পাওয়া যায়। এ ছাড়া বেশ কয়েক দিন আগে সিদ্ধ করা পচা ডিম, পচা ও মানহীন গাজর-শসাসহ বিভিন্ন কাঁচামাল পাওয়া যায়।
অভিযানকারীরা আরও দেখতে পান, ফুটন্ত গরম টক ফুড-গ্রেডবিহীন প্লাস্টিকের পাত্রে রাখা হয়েছে। এ ধরনের পাত্রে গরম খাবার সংরক্ষণ স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ বলে সংশ্লিষ্টরা জানান।
জানা গেছে, শহরে ‘ভাই-বোন’ নামে প্রতিষ্ঠানটির আকর্ষণীয় ফুচকার আউটলেট রয়েছে। বাইরে থেকে আউটলেটটি পরিচ্ছন্ন ও আকর্ষণীয় দেখালেও খাবার তৈরির মূল কারখানার পরিবেশ ছিল সম্পূর্ণ ভিন্ন। সেখানে অপরিচ্ছন্ন পরিবেশে খাবার প্রস্তুত করা হচ্ছিল বলে অভিযানে প্রমাণ পাওয়া যায়।
অভিযান পরিচালনা করেন বগুড়া জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. শাহজালাল।
তিনি বলেন, ‘বাইরের চাকচিক্যের পেছনে কারখানার ভেতরের পরিবেশ ছিল স্বাস্থ্যের জন্য চরম হুমকিস্বরূপ।’
তিনি আরও বলেন, ইঁদুরের উপদ্রব, কবুতরের বিষ্ঠা এবং পচা ও মানহীন কাঁচামাল দিয়ে খাবার তৈরির কারণে প্রতিষ্ঠানটিকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার অর্থ প্রতিষ্ঠান কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে পরিশোধ করেছে।
অভিযানের পর কারখানাটি সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়। সংশ্লিষ্টরা জানিয়েছেন, খাদ্য তৈরির ক্ষেত্রে স্বাস্থ্যবিধি ও নিরাপত্তা নিশ্চিত না করলে ভবিষ্যতেও এ ধরনের প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
বগুড়া প্রতিনিধি 



















