
সিলেটের কোম্পানীগঞ্জে ফেসবুকে মন্ত্রীর সমালোচনা করে পোস্ট দেওয়ার ঘটনায় জুবায়ের আহমদ নামে এক পাথর ব্যবসায়ীকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে উপজেলা বিএনপির দুই নেতার মাধ্যমে তিনি থানায় যান বলে জানা গেছে।
জুবায়ের আহমদ উপজেলার কলাবাড়ি গ্রামের বাসিন্দা। স্থানীয় সূত্রের বরাতে জানা যায়, শনিবার ফেসবুকে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরীর ছবি সংযুক্ত করে পাথরমহাল চালুর দাবি এবং এ-সংক্রান্ত পরিস্থিতি নিয়ে একটি পোস্ট দেন তিনি।
পোস্টে পাথর ব্যবসা স্বাভাবিক না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন জুবায়ের। এর দুই দিন পর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আকবর ও জ্যেষ্ঠ সহসভাপতি শওকত আলী বাবুল তাকে থানায় নিয়ে যান বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ উসমান গনি জুবায়েরকে থানায় নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তবে তিনি জানান, ওই সময় পর্যন্ত তাকে আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার দেখানো হয়নি। ফেসবুক পোস্টের বিষয়টি খতিয়ে দেখা এবং তার মোবাইল ফোন অন্য কেউ ব্যবহার করেছিলেন কি না, তা যাচাইয়ের কথা জানান তিনি।
এদিকে, পোস্টটি পরে আর ফেসবুকে পাওয়া যায়নি। জুবায়েরকে থানায় নিয়ে যাওয়া দুই বিএনপি নেতা এ বিষয়ে বিস্তারিত মন্তব্য করতে রাজি হননি।
প্রতিবেদন প্রকাশের সময় পর্যন্ত জুবায়েরের বিরুদ্ধে কোনো মামলা দায়েরের তথ্য পাওয়া যায়নি। তার বিরুদ্ধে পরবর্তী আইনগত পদক্ষেপের বিষয়টিও তখন নিশ্চিত হওয়া যায়নি।
সিলেট প্রতিনিধি 













