সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের প্রতীক্ষিত নতুন বেতন কাঠামোর সুপারিশ অনুমোদনের জন্য মন্ত্রিসভার বৈঠকে উপস্থাপন করা হতে পারে। প্রস্তাবিত নতুন কাঠামোতে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন সর্বোচ্চ ১৪২ শতাংশ এবং সর্বনিম্ন ১০০ শতাংশ পর্যন্ত বাড়ানোর সুপারিশ করা হয়েছে।
সোমবার (৩১ আগস্ট) মন্ত্রিসভার বৈঠকে নতুন পে স্কেলের প্রস্তাবটি উপস্থাপনের সম্ভাবনা রয়েছে। মন্ত্রিসভায় প্রস্তাব অনুমোদিত হলে আগামী বৃহস্পতিবারের মধ্যে নতুন বেতন কাঠামো নিয়ে প্রজ্ঞাপন জারি হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
অর্থ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, নতুন বেতন কাঠামোর বিভিন্ন বিষয় ইতোমধ্যে চূড়ান্ত করা হয়েছে। এখন শুধু মন্ত্রিসভার অনুমোদনের অপেক্ষা রয়েছে।
এর আগে গত ১৬ আগস্ট প্রধানমন্ত্রীর মুখ্যসচিব এ বি এম আব্দুস সাত্তার সাংবাদিকদের জানিয়েছিলেন, সরকারি কর্মচারীদের নতুন পে স্কেলের কাজ চূড়ান্ত পর্যায়ে রয়েছে। যেকোনো সময় এ বিষয়ে ঘোষণা আসতে পারে বলেও তিনি জানিয়েছিলেন।
এদিকে গত ২৯ জুলাই অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছিলেন, সরকারি কর্মচারীদের জন্য নবম বেতন কমিশন ঘোষণার বিষয়ে কাজ চলছে। কমিশনের কার্যক্রম শেষ হওয়ার পর সুপারিশ মন্ত্রিসভায় উপস্থাপন করা হবে। অনুমোদন পাওয়ার পর নতুন বেতন কাঠামো বাস্তবায়নের জন্য প্রজ্ঞাপন জারির প্রক্রিয়া শুরু হবে।
নতুন বেতন কাঠামো কার্যকর হলে সরকারি চাকরিজীবীদের বেতন-ভাতায় বড় ধরনের পরিবর্তন আসতে পারে। প্রস্তাবিত কাঠামোয় সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতন উভয় ক্ষেত্রেই উল্লেখযোগ্য বৃদ্ধির সুপারিশ থাকায় সরকারি কর্মচারীদের মধ্যে এ নিয়ে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।
তবে নতুন পে স্কেল চূড়ান্তভাবে কবে থেকে কার্যকর হবে এবং বেতন বৃদ্ধির সুনির্দিষ্ট হার কী হবে, তা মন্ত্রিসভার অনুমোদন ও পরবর্তী প্রজ্ঞাপনের পরই নিশ্চিত হওয়া যাবে।
desk news 



















