
সিলেটের বিভিন্ন এলাকায় সড়ক ও জনপথ (সওজ) বিভাগের মালিকানাধীন সরকারি জমি দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন। অভিযানে মোট ১২টি অবৈধ দোকান ও বিভিন্ন স্থাপনা অপসারণ করা হয়েছে।
সোমবার (৩ আগস্ট) বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত পরিচালিত এ অভিযানের তথ্য পরে সিলেট জেলা প্রশাসনের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশ করা হয়।
জেলা প্রশাসন জানায়, নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. পারভেজের নেতৃত্বে পরিচালিত অভিযানে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) এবং সড়ক ও জনপথ বিভাগ (সওজ)-এর সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশ নেন।
প্রশাসনের তথ্য অনুযায়ী, সওজের মালিকানাধীন সরকারি জমিতে দীর্ঘদিন ধরে অবৈধভাবে দোকান ও অন্যান্য স্থাপনা নির্মাণ করে দখল করা হয়েছিল। এ অবস্থায় গত ২৮ জুলাই সংশ্লিষ্ট দখলদারদের স্বেচ্ছায় স্থাপনা সরিয়ে নেওয়ার জন্য নোটিশ দেওয়া হয়। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে তারা তা না করায় আইনানুগ ব্যবস্থা হিসেবে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে সালিয়া, সালুটিকর ও বিমানবন্দর এলাকার তিনটি পৃথক স্থান থেকে মোট ১২টি অবৈধ দোকান ও অন্যান্য স্থাপনা অপসারণ করা হয়।
জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সরকারি জমি অবৈধ দখলমুক্ত রাখা এবং জনস্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
সিলেট প্রতিনিধি 




















