
সুন্দরবনে কোস্টগার্ডের অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে কোস্টগার্ড কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার কমান্ডার শওকত আহমেদ এ তথ্য জানান।
তিনি জানান, বর্তমান সরকারের দিকনির্দেশনায় সুন্দরবনের সক্রিয় সব বনদস্যু বাহিনী নির্মূল এবং উপকূলীয় অঞ্চলে নিরাপত্তা নিশ্চিতকরণের লক্ষ্যে বাংলাদেশ কোস্ট গার্ডের নেতৃত্বে “অপারেশন রিস্টোর পিস ইন সুন্দরবন” এবং “অপারেশন ম্যানগ্রোভ শিল্ড” নামে দুটি বিশেষ অভিযান চালানো হচ্ছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়- একটি ডাকাতদল ডাকাতির উদ্দেশ্যে বাগেরহাটের মোংলায় সুন্দরবনের শেলা নদী ফরেস্ট অফিস সংলগ্ন এলাকায় অবস্থান করছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ৭ অক্টোবর রাত ৮টার দিকে কোস্ট গার্ড বেইস মোংলা ওই এলাকায় একটি বিশেষ অভিযান চালায়। অভিযান চলাকালীন কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে ডাকাতদলের সদস্যরা সুন্দরবনের গহিনে পালিয়ে যাওয়ায় কাউকে আটক বা শনাক্ত করা সম্ভব হয়নি।তিনি আরও জানান, পরবর্তীতে সেখানে তল্লাশি চালিয়ে অভিনব কায়দায় লুকায়িত অবস্থায় ৬টি একনলা বন্দুক, ৩টি এয়ারগান, ১টি পাইপগানের ট্রিগার ও ১৪ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়। উদ্ধার করা এসব অস্ত্র ও গোলাবারুদের বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থার কার্যক্রম প্রক্রিয়াধীন।
মোংলা (বাগেরহাট) প্রতিনিধি 

























