
সিলেট বিভাগে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে হাম ও হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫৪ জনে।
সোমবার সকাল থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত সিলেটের দুটি হাসপাতালে ওই দুই শিশুর মৃত্যু হয় বলে জানিয়েছেন সিলেট স্বাস্থ্য বিভাগের সহকারী পরিচালক মোহাম্মদ নূরে আলম শামীম।
মৃত শিশুদের একজন চার মাস ২০ দিন বয়সী আয়ান। সে সিলেট সদর উপজেলার বাসিন্দা আল আমিনের ছেলে। হামের উপসর্গ নিয়ে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিল সে।
অন্যজন এক বছর দুই মাস বয়সী ইব্রাহিম। সে হবিগঞ্জ সদর উপজেলার বাসিন্দা কাউছার মিয়ার ছেলে। ইব্রাহিম শহীদ শামসুদ্দিন আহমেদ হাসপাতালে চিকিৎসাধীন ছিল।
স্বাস্থ্য বিভাগের প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার সকাল পর্যন্ত সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ৩৯৯ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর আগের ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১৫৪ জন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, সিলেট বিভাগে এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মারা যাওয়া ১৫৪ জনের মধ্যে ১০ জনের ল্যাবরেটরি পরীক্ষায় হাম শনাক্ত হয়েছিল। অন্যদের মৃত্যু হয়েছে হামের উপসর্গ নিয়ে।
এদিকে চলতি বছরের ১ জানুয়ারি থেকে মঙ্গলবার পর্যন্ত ল্যাবরেটরি পরীক্ষায় সিলেট বিভাগে ১ হাজার ৩১ জনের শরীরে হামের সংক্রমণ নিশ্চিত হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ।
সিলেট প্রতিনিধি 



















