
সিলেটের মহাসড়কে সাদাপাথর পরিবহনের একটি বাসের ধাক্কায় সিএনজি অটোরিকশায় থাকা মা ও তাঁর ৯ মাস বয়সী শিশুকন্যা নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো চার জন।শনিবার (১০ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সিলেট সদর উপজেলার কাকুয়ারপাড় এলাকার কেওয়াছড়া সেতুর পাশে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন সুমাইয়া সিদ্দিকা তানিয়া ও তাঁর ৯ মাস বয়সী মেয়ে ইনায়া জান্নাত। তাঁদের বাড়ি সিলেট নগরের শাহপরান এলাকায় বলে জানা গেছে।
দুর্ঘটনায় সিএনজি অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই মা ও শিশুর মৃত্যু হয় বলে জানা গেছে।
সিলেট এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহিদুর রহমান জানান, সিলেট-কোম্পানীগঞ্জ সড়কের কাকুয়ারপাড় এলাকায় সাদাপাথর পরিবহনের একটি বাস বিপরীত দিক থেকে আসা সিএনজি অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে অটোরিকশায় থাকা মা ও তাঁর শিশুকন্যা নিহত হন।এছাড়াও আরো চার জন আহত হয়েছেন।
তিনি আরও জানান, নিহতদের মরদেহ সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মাত্র ৯ মাস বয়সী শিশুকন্যাসহ মায়ের এমন মর্মান্তিক মৃত্যুতে স্থানীয়দের মধ্যে শোক ও উদ্বেগ দেখা দিয়েছে।
মহাসড়কে বেপরোয়া যান চলাচল ও অসতর্কতার কারণে এমন দুর্ঘটনা এড়াতে চালকদের আরও সতর্ক হওয়া এবং সড়ক নিরাপত্তা বিধি মেনে চলা জরুরি।
সিলেট প্রতিনিধি 













