
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দীর্ঘদিনের উত্তেজনার মধ্যেই আবারও কূটনৈতিক আলোচনার সম্ভাবনা তৈরি হয়েছে। সম্ভাব্য সামরিক পদক্ষেপ থেকে সরে এসে আলোচনার পথেই এগোতে চায় ওয়াশিংটন—এমন ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
রোববার (২ আগস্ট) এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, দুই দেশের মধ্যে সোমবার নতুন দফার আলোচনা শুরু হতে পারে। তিনি আশা প্রকাশ করেন, হরমুজ প্রণালী এবং ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে একটি ইতিবাচক সমঝোতায় পৌঁছানো সম্ভব হবে।
ট্রাম্পের দাবি, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও কাতার সামরিক সংঘাত এড়িয়ে আলোচনার মাধ্যমে সংকট সমাধানের আহ্বান জানিয়েছে। তাদের অনুরোধ বিবেচনায় নিয়েই ইরানের বিরুদ্ধে পরিকল্পিত সামরিক পদক্ষেপ থেকে সরে আসার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
অন্যদিকে, আল জাজিরার এক প্রতিবেদনে জানানো হয়েছে, সম্ভাব্য আলোচনার অংশ হিসেবে মধ্যস্থতাকারীরা তেহরানের উদ্দেশে রওনা হওয়ার প্রস্তুতি নিচ্ছেন। সেখানে যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিদের মধ্যে পরোক্ষ বৈঠক হতে পারে বলে কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে উল্লেখ করা হয়েছে।
তবে সম্ভাব্য এই বৈঠকের নির্দিষ্ট সময়সূচি, আলোচনার বিষয়বস্তু বা অন্যান্য বিস্তারিত তথ্য এখনো আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি।
এবিসি টিভি ডেস্ক 





















